দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ নিয়ে চলমান আলোচনার মধ্যেই নতুন তথ্য সামনে এসেছে। বগুড়া-২ (শিবগঞ্জ–মোকামতলা) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম তাঁর নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ না করার জন্য শিক্ষা সচিবের কাছে আনুষ্ঠানিক নির্দেশনা দিয়েছেন।
গত ১ জুন ২০২৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর পাঠানো এক আধা-সরকারি (ডিও) পত্রে তিনি এ অনুরোধ জানান।
চিঠিতে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন ব্যক্তি নিজেদের উদ্যোগ ও স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে তাঁর নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব পাঠাচ্ছেন, যা তাঁর কাছে অনাকাঙ্ক্ষিত। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের ঐতিহ্য, পরিচিতি ও স্বাতন্ত্র্য বজায় রাখা অধিকতর সমীচীন।
তিনি আরও জানান, শিবগঞ্জ–মোকামতলা এলাকায় দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে জমি দান, নিজ অর্থে জমি ক্রয়, প্রতিষ্ঠাকালীন ব্যয় বহন এবং সার্বিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে শিক্ষা বিস্তারে তিনি কাজ করে আসছেন। তাঁর সহযোগিতায় প্রতিষ্ঠিত ও উন্নয়ন করা কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকাও চিঠিতে উল্লেখ করা হয়।
চিঠির শেষাংশে তিনি স্পষ্টভাবে অনুরোধ করেন, তাঁর বা তাঁর পরিবারের সদস্যদের নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব যেন গ্রহণ বা অনুমোদন না করা হয়। একই সঙ্গে বিদ্যমান ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্বের নাম ও পরিচিতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
এ বিষয়ে চিঠির অনুলিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবরও পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় সরকারের একটি গুরুত্বপূর্ণ দপ্তর। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি উন্নয়ন কার্যক্রমে কাজ করে যাচ্ছেন। বগুড়ার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর করে সমতা আনতে সরকারের নির্দেশনায় কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, তাঁর নাম ব্যবহার করে কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যমূলকভাবে বিতর্ক তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এমএস/