দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান।
তিনি জানান, বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থী সরকারি চাকরি থেকে পদত্যাগের পর নির্বাচনে অংশ নিতে হলে নির্ধারিত সময়সীমা অনুসরণ করতে হয়। তিন বছরের বাধ্যবাধকতা পূরণ না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
এর আগে বুধবার (২২ এপ্রিল) মনোনয়নপত্র বাছাইয়ের সময় তার প্রার্থিতা স্থগিত রাখে ইসি। পরে পদত্যাগ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য তাকে বেলা ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়।
এদিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন জানান, স্বতন্ত্র জোটের একজন প্রার্থীর মনোনয়ন গৃহীত হয়েছে। বিএনপি জোটের দাখিল করা ৩৬টি মনোনয়নপত্রই বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে ১১ দলীয় জোটের ১৩টি মনোনয়নের মধ্যে একটি বাতিল হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, ২৬ এপ্রিল পর্যন্ত আপিল করা যাবে। ২৭ ও ২৮ এপ্রিল আপিল শুনানি অনুষ্ঠিত হবে। ২৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ তারিখ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
১১ দলীয় জোট থেকে যাদের মনোনয়ন গৃহীত হয়েছে তাদের মধ্যে রয়েছেন জামায়াত, জাগপা, এনসিপি ও খেলাফত মজলিসের একাধিক প্রার্থী।
এদিকে নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নও বাতিল করেছে নির্বাচন কমিশন। ইসি সূত্র জানায়, জমা দেওয়ার শেষ সময় ছিল বিকেল ৪টা পর্যন্ত। তবে তিনি মনোনয়নপত্র জমা দেন ৪টা ১৯ মিনিটে, যা সময়সীমা অতিক্রম করায় বাতিল করা হয়।
এমএস/