দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকার জনগণের সঙ্গে করা অঙ্গীকার ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, জনগণের অধিকার আদায়ে সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন অব্যাহত থাকবে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেরপুর-৩ (শ্রীবরর্দী-ঝিনাইগাতি) আসনের নির্বাচনী সহিংসতায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ৯ এপ্রিল অনুষ্ঠিত শেরপুর ও বগুড়ার নির্বাচনে সুষ্ঠু পরিবেশের আশা করা হলেও সেখানে ব্যাপক অনিয়ম, জালিয়াতি ও সহিংসতার ঘটনা ঘটেছে। বিশেষ করে শেরপুর-৩ আসনে পরিস্থিতি ‘ভয়াবহ সন্ত্রাসে’ রূপ নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি উল্লেখ করেন, এর আগে ১২ ফেব্রুয়ারি নির্ধারিত নির্বাচনের আগেও সহিংসতায় জামায়াতের এক নেতাকে হত্যা করা হয় এবং কয়েকজন গুরুতর আহত হন। সাম্প্রতিক স্থগিত নির্বাচনের সময়ও প্রাণহানির ঘটনা ঘটেছে এবং আহতদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তির অবস্থা গুরুতর ছিল, যিনি এখন কিছুটা সুস্থতার দিকে।
রাজনীতিতে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা আশা করেছিলাম রক্তপাতের রাজনীতি শেষ হবে এবং পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে। কিন্তু বাস্তবে তা হয়নি।
সংসদের কার্যক্রম নিয়েও সমালোচনা করে তিনি বলেন, জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত সংসদে সময় অপচয় বা অশালীন আচরণ গ্রহণযোগ্য নয়। তিনি জনকল্যাণমূলক আইন প্রণয়নে সরকার ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তিনি আরও বলেন, যারা সহিংসতার মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, তারা জনগণের প্রতিনিধিত্ব করার যোগ্য নয়। আমরা চাই আদর্শের লড়াই হোক, অস্ত্রের নয়। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলনসহ জেলা জামায়াতের নেতারা।
এর আগে, হাসপাতালে ভর্তি আহত নেতাকর্মীদের খোঁজখবর নেন জামায়াত আমীর এবং তাদের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
জে আই