দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জেন-জি’রা আর ১৯৭২ সালের সংবিধান আর চায় না বলে মন্তব্য করেছেন এনসিপির এমপি আব্দুল হান্নান মাসউদ।
রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে হাতিয়া থেকে নির্বাচিত এই এমপি বলেন, আমি এই সংসদের সর্বকনিষ্ঠ এমপি। বাংলাদেশের ইতিহাসেরও সর্বকনিষ্ঠ এমপি। আমি এমপি হিসেবে জেন-জি প্রজন্মের প্রতিনিধিত্ব করছি এবং জেন-জিরা কী চায়, তা আমি বলছি। জেন-জিরা ৭২-এর সংবিধান আর চায় না।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৩০ বছর পর জন্ম নেওয়া প্রজন্ম নিজেদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে—এর জবাব তারা জানতে চায়। পূর্বপুরুষদের আত্মত্যাগের বিনিময়ে একটি নিরাপদ ও গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা থাকলেও বাস্তবে তা পুরোপুরি অর্জিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনায় তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা, পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ এবং দেশের গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে অতীতের নির্বাচনী অনিয়মের প্রসঙ্গ তুলে বর্তমানেও সুষ্ঠু নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা ও দায়িত্ব পালনকালে একাধিকবার হামলার শিকার হওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচনের সময় ও পরবর্তীতে তার ওপর আক্রমণের ঘটনা ঘটেছে, যা ভিডিওতেও দেখা গেছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়ে তিনি অভিযোগ করেন, সহিংসতা ও অপরাধ দমনে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একটি ধর্ষণের ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ভুক্তভোগীর জন্য এখনো ন্যায়বিচার নিশ্চিত হয়নি।
তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেশে সন্ত্রাস ও সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
আরএ