দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আর একদিন পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারাদেশে বইছে উৎসবের আমেজ, পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যে বিরাজ করছে টানটান উত্তেজনা ও প্রত্যাশা।
এরই মধ্যে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোটাধিকার প্রয়োগ করবেন—তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা হিসেবে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট দেবেন। রাজধানীর গুরুত্বপূর্ণ এই ভোটকেন্দ্রটি বরাবরই দেশি-বিদেশি গণমাধ্যম ও নির্বাচন পর্যবেক্ষকদের বিশেষ নজরে থাকে।
অন্যদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সশরীরে উপস্থিত থেকে ভোট দেবেন। তার ভোট প্রদানকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে বাড়তি উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
দলের নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির একাধিক সদস্য ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় ভোট দেবেন। প্রবীণ নেতা মির্জা আব্বাস রাজধানীর শাহজাহানপুরে অবস্থিত মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। নিজের নামে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানে তার ভোট প্রদান রাজনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য বহন করছে।
কেরানীগঞ্জের প্রভাবশালী নেতা গয়েশ্বর চন্দ্র রায় ভোট দেবেন কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। নরসিংদীর পলাশ উপজেলায় বিএনপির শক্ত অবস্থানের প্রতিনিধি ড. আব্দুল মঈন খান ভোট দেবেন চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
এছাড়া বিভাগীয় শহর ও জেলা পর্যায়ে দলের হেভিওয়েট নেতাদের ভোট প্রদান স্থানীয় রাজনীতিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে। কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন ড. খন্দকার মোশাররফ হোসেন। চট্টগ্রামে আমীর খসরু মাহমুদ চৌধুরী ভোট দেবেন মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
উপকূলীয় জেলা কক্সবাজারের পেকুয়া উপজেলায় সালাহউদ্দিন আহমদ ভোট দেবেন পেকুয়া উপজেলা সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট কেন্দ্রে। উত্তরাঞ্চলের সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকু সালেহা ইশহাক সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে এবং দক্ষিণাঞ্চলের ভোলায় হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম লালমোহন উপজেলার আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
অন্যান্য সিনিয়র নেতারাও নিজ নিজ এলাকার ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগের প্রস্তুতি নিয়েছেন। অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা সরকারি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।
বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলে নেতারা নির্ধারিত সময়েই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই নির্বাচনের মাধ্যমে নতুন রাজনৈতিক পথচলার সূচনা হবে—এমন প্রত্যাশাই এখন সাধারণ মানুষের।
এবি/