দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বিশ্বাস ধারণ করতেন এবং দেশনেত্রী খালেদা জিয়া যে বিশ্বাসে অবিচল থেকেছেন, তা হলো বাংলাদেশই আমাদের প্রথম ও শেষ ঠিকানা। সব নির্যাতন ও দমন–পীড়নের মধ্যেও তিনি দেশ ছেড়ে যাননি, কারণ এই দেশের মানুষই তার পরিবার।
সোমবার দুপুরে রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্রের মাঠে ঢাকা–১০ আসনের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। সভায় ঢাকা–১০ আসনে বিএনপির প্রার্থী রবিউল আলম রবির সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়।
তারেক রহমান বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনায় সময় নষ্ট না করে জনগণের ভাগ্য বদলের সুস্পষ্ট পরিকল্পনা দিয়েই দেশের কল্যাণ সম্ভব। তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য কৃষি কার্ড এবং দেশের মায়েদের ও গৃহিণীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। গ্রাম ও শহরের প্রান্তিক ও খেটে খাওয়া নারীদের স্বাবলম্বী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, প্রায় দেড় কোটির মতো প্রবাসী ভাই–বোনের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রায় দেশের অর্থনীতি চলে। তাদের হয়রানি কমাতে, নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশে ফিরে সম্মানজনক জীবন নিশ্চিত করতে প্রবাসী কার্ড চালু করা হবে।
তারেক রহমান বলেন, এসব পরিকল্পনার একটাই লক্ষ্য, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। এ উদ্দেশ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এমএস/