দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামকে দেশের সবচেয়ে বঞ্চিত জেলা উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন কার্যক্রম কুড়িগ্রাম থেকেই শুরু করা হবে। একই সঙ্গে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে বলে তিনি ঘোষণা দেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রামে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কেউ বেকার থাকবে না। আমাদের যুবকরা কাজ পাবে, যুবতীরা পাবে, মায়েরা পাবে, ভাইয়েরা পাবে। কৃষি বিপ্লব হলে সবাই কাজের সুযোগ পাবে।
তিনি আরও বলেন, আপনাদের শুধু কৃষক বানিয়ে রাখা হবে না; আপনাদের ঘর থেকেই, মায়েদের গর্ভ থেকেই আগামীর প্রধানমন্ত্রী বের হবে।
কুড়িগ্রামের তিনটি নদীকে জেলার দুঃখ উল্লেখ করে জামায়াত আমির বলেন, বর্ষা এলেই এ অঞ্চলের মানুষের দুর্ভোগ বেড়ে যায়। এই সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
তিনি বলেন, এই বাংলাদেশে আর কোনো জমিদারকে মেনে নেওয়া হবে না। এই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ।
নারীদের নিরাপত্তা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। যে দেশে মায়ের নিরাপত্তা নেই, সে দেশ আমার হতে পারে না। আমরা জাত-ধর্ম দেখবো না। নারীদের সম্মান করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট নিয়ে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গে তিনি বলেন, চারদিন আগে আমার এক্স আইডি হ্যাক করে যা-তাই পোস্ট করা হয়েছে। একটি দল বিষয়টি নিয়ে অপপ্রচার শুরু করেছে। লজ্জার বিষয় হলো, ওই দলের বড় বড় নেতারাও এতে অংশ নিয়েছে।
তিনি আরও দাবি করেন, এ ঘটনার মূল অভিযুক্ত ইতোমধ্যে শনাক্ত হয়েছে।
জনসভায় জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
জে আই