দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোটের আগে বা পরে যেকোনো গোলযোগ শক্তভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের মোহাম্মদপুর ইউনিয়নের ফেসরাডাঙ্গী বাজারে নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আপনারা নিজেদেরকে দুর্বল ভাববেন না। আপনারা সবসময় ভয় পান ভোট দিতে যাবো, গোলমাল না হয়। ভোট দিয়ে ফিরে আসবো সেসময় যাতে গোলমাল না হয়।
তিনি বলেন, আপনাদেরকে আমি আশ্বাস দিতে চাই ও প্রতিশ্রুতি দিতে চাই- ইনশাআল্লাহ ভোটের দিন, ভোটের সময় বা অন্য সময় কখনো কোনো গোলযোগ হবে না। আমরা সেটা শক্ত হাতে দমন করবো।
বিএনপি মহাসচিব বলেন, আপনারা এদেশের নাগরিক, এদেশের মানুষ; আমার যে অধিকার আছে, সেটা আপনারও আছে। সুতরাং ভয় পাবেন না, নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াতে হবে। আমরা আপনাদের পাশে আছি।
তিনি বলেন, আমরা যদি সরকারটাকে ঠিক নির্বাচিত করতে না পারি, সঠিক লোকটাকে নির্বাচিত করতে না পারি; তাহলে আমাদের কোনো কাজ হবে না।
মির্জা ফখরুল বলেন, অতীতে এ অঞ্চলে চাকরির জন্য টাকা-পয়সা নেওয়া হতো। আমি যদি নির্বাচিত হই, তাহলে আপনাদেরকে কোনো কাজের জন্য টাকা দিতে হবে না। সেইসঙ্গে সব রকমের সন্ত্রাস বা দুর্বৃত্তায়ন বন্ধের জন্য কাজ করবে বিএনপি।
তিনি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কখনো আপস করে নাই। তিনি প্রতিহিংসার রাজনীতি থেকে সবাইকে বিরত থাকতে বলেছেন। আমরাও সেই পথ অনুসরণ করছি।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে হিন্দু-মুসলিম সকলকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় ঠাকুরগাঁও জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এবি/