দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বিএনপি সরকারের সময় দেশে দুর্নীতির হার ধারাবাহিকভাবে কমেছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ও বৈঠক-পরবর্তী ব্রিফিংয়ে মাহদী আমিন এসব কথা বলেন।
তিনি বলেন, একটি রাজনৈতিক মহল পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে ‘দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ান’ তকমা প্রচার করছে, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
মাহদী আমিন বলেন, ২০০১ সালে বিএনপি সরকার গঠনের সময় একটি আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের দুর্নীতির স্কোর ছিল মাত্র ০.৪, যা পূর্ববর্তী সরকারের দুর্নীতির প্রতিফলন। তবে বিএনপির ‘জিরো টলারেন্স’ নীতি ও সুশাসনের উদ্যোগের ফলে এই স্কোর বেড়ে ২০০৬ সালে ক্ষমতা ছাড়ার সময় ২-এ উন্নীত হয়।
তিনি আরও বলেন, যে দল দুর্নীতি দমনে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করেছে, তাদের বিরুদ্ধে ‘বিশ্ব চ্যাম্পিয়ন’ তকমা দেয়া সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জামায়াতে ইসলামীর দুই নেতার সমালোচনা করে তিনি বলেন, ২০০১-২০০৬ সাল পর্যন্ত সময়কালে তারা সরকারে শরিক ছিল এবং তাদের মন্ত্রী ও সংসদ সদস্যরা দায়িত্বে ছিল, কিন্তু দুর্নীতি নিয়ে তাদের কোনও অভিযোগ ছিল না। এখন নির্বাচনী সময় এসে তারা ভিন্ন সুরে কথা বলছে।
বিএনপিকে ‘দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ান’ বলা প্রসঙ্গে মাহদী আমিন বলেন, এটি পতিত ফ্যাসিস্টদের ভাষা এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতারা পরিকল্পিতভাবে এই প্রচারণা চালাচ্ছেন। তিনি এই অবস্থানকে ‘দ্বিচারিতা’ হিসেবেও উল্লেখ করেন।
এছাড়া, নির্বাচনী প্রচারণার সময় ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের বিষয়ে নির্বাচন কমিশনের সাম্প্রতিক সতর্কবার্তা প্রসঙ্গে মাহদী আমিন বলেন, বিএনপি এটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছে এবং ভোটারদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের এ পদক্ষেপ সময়োপযোগী।
এদিকে, গুলশানে অনুষ্ঠিত বিএনপির এই বৈঠকে নির্বাচন পরিচালনা কমিটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে আগামী নির্বাচনে প্রচারণা ও সাংগঠনিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জে আই