দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম এবং ঢাকা-৮ আসনের প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারীকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী শোকজ করেছেন।
রোববার (১৮ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা তাদের প্রত্যেককে পৃথক চিঠিতে শোকজ করেন। নাহিদ ইসলামকে লেখা শোকজ চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা-১১ আসনের গুরুত্বপূর্ণ স্থানে তার বিশাল রঙিন ছবিসংবলিত ‘দেশ সংস্কারের গণভোট—হ্যাঁ’র পক্ষে থাকুন’ স্লোগানযুক্ত বিলবোর্ড দেখা গেছে। এটি জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালার পরিপন্থি। নির্বাচনী আচরণবিধি, ২০২৫-এর বিধি ১৮ অনুযায়ী, ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার করা যাবে না। তাই আগামী ১৯ জানুয়ারি সকাল ৯টার মধ্যে সব বিলবোর্ড অপসারণের জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে, কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ১৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে নিজে বা প্রতিনিধি পাঠিয়ে লিখিত জবাব দাখিল করার জন্যও বলা হয়েছে।
ঢাকা-৮ আসনের প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারীকেও একই অভিযোগে শোকজ করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচারিত ‘ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী’ ও ‘গণভোটকে হ্যাঁ বলি’ স্লোগানযুক্ত বিলবোর্ড আচরণবিধিমালার বিপরীত বলে জানানো হয়েছে। একই নিয়ম অনুযায়ী আগামী ১৯ জানুয়ারি সকাল ৯টার মধ্যে বিলবোর্ড অপসারণ এবং ১১টার মধ্যে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে পালন করতে হবে। কেউ যদি বিধি ভঙ্গ করে, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
জে আই