দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন শিক্ষাবিদ ড. গর্ডন ক্লিংগেনশমিটের নেতৃত্বে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি, সংখ্যালঘুদের অধিকার, পারস্পরিক সহাবস্থান এবং সামাজিক শান্তি বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আন্তরিক ও ইতিবাচক আলোচনা হয়।
এ সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ একটি বহু ধর্মীয় ও বহুসাংস্কৃতিক দেশ। এ দেশের সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। জামায়াতে ইসলামী সব সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিয়েছে।
প্রতিনিধিদলের পক্ষ থেকে বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি পারস্পরিক বোঝাপড়া, সহনশীলতা ও সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
মার্কিন শিক্ষাবিদ ড. গর্ডন ক্লিংগেনশমিট বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন।
তিনি বলেন, এ ধরনের সংলাপ পারস্পরিক আস্থা ও শান্তিপূর্ণ সহাবস্থানকে আরও শক্তিশালী করে এবং ভবিষ্যতেও এমন আলোচনা অব্যাহত রাখা প্রয়োজন।
সাক্ষাৎকালে জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সাইফুল্লাহ মানসুর।
অন্যদিকে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল খ্রিষ্টান ফেলোশিপ অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মার্থা দাশ, বাংলাদেশ ইভানজেলিক্যাল রিভাইভাল চার্চের চেয়ারম্যান রেভারেন্ড বনি বাড়ৈ এবং ‘টিচার ফর পাস্টর ইন বাংলাদেশ’-এর সাবেক আইনপ্রণেতা ড. গর্ডনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জে আই