দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনে হেরে গেছে, যে দল আন্দোলনে হেরে যায়, সে দল নির্বাচনেও হারবে।
শনিবার (২২ জুলাই) নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, সারাদেশে আজ অনেক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি আন্দোলন করছে। আন্দোলন সংঘাত, রক্ত ঝরিয়ে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না। বিএনপি সাম্প্রদায়িক ও জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি সাড়ে ১৪ বছরের কোনো আন্দোলন করতে পারেনি। তারা তারেক জিয়াকে দিয়ে দল চালিয়ে লুটপাট করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয়কে দিয়ে কোনো ধরনের দ্বিতীয় নেতৃত্ব সৃষ্টি করেননি।
আ.লীগের সাধারণ সম্পাদক বলেন, ফখরুল নোয়াখালীতে এসে বিষোদগার করেছে। সে হয়তো জানে না, নোয়াখালী বিএনপির ঘাটি না, আওয়ামী লীগের ঘাটি।
বিএনপির আন্দোলন প্রতিহতের ঘোষণা দিয়ে কাদের বলেন, যে হাত আগুন নিয়ে পোড়াতে আসবে, সেই হাত পুড়িয়ে দিতে হবে। বিএনপির যে তাণ্ডব করেছে, তারও জবাব আমাদের দিতে হবে।
আ.লীগের এই নেতা বলেন, ভিসা নীতিকে শেখ হাসিনা ভয় করে না। প্রয়োজনে শেখ হাসিনা ডালভাত খাবে, তবুও কারো কাছে মাথানত করবে না। শেখ হাসিনার বড় শক্তি জনগণ। আওয়ামী লীগ মাটি ও মানুষের দল।
শেখ হাসিনা জনপ্রিয় নেতা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ৪৮ বছরে শেখ হাসিনার মতো সৎ, সাহসী নেতা কেউ নেই, কেউ জন্মায়ওনি। এই শেখ হাসিনা তিন থেকে সাড়ে তিন ঘণ্টা ঘুমায়। বাকি সময় জনগণের জন্য তিনি কাজ করেন। সারাবিশ্বের প্রথম শ্রেণির সাহসীদের নামের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উঠেছে। মনে রাখবেন যতক্ষণ ক্ষমতায় আছেন তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না।
কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের সঞ্চালনায় সমাবেশে আরওে বক্তব্য রাখেন- ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম প্রমুখ।