দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তায় জন্য যুক্তরাজ্যের পর চীনের ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন।
বুধবার (৩ ডিসেম্বর) রাত ১০টা ১০ মিনিটে ৪ জন চিকিৎসক এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, হাসপাতালে চিকিৎসকদের স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানিয়েছেন সাবেক সচিব আব্দুল খালেক।
এর আগে সকালে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে আসেন।
গত ২৩ নভেম্বর থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার ফুসফুসে সংক্রমণের অবস্থার অবনতি হলে গত ২৭ নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসকরা তাকে বিশেষ ব্যবস্থায় নিবিড়ভাবে চিকিৎসা দিচ্ছেন।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে তদারকি করছেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহিদ জানান, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা দিতে আমেরিকা, যুক্তরাজ্য, চীন, কাতার, সিঙ্গাপুর, পাকিস্তান, ইন্ডিয়াসহ আমাদের বন্ধু প্রতীত অনেকে দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধান এই চিকিৎসার ব্যাপারে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
অধ্যাপক জাহিদ জানান, খালেদা জিয়ার মেডকেল বোর্ডে অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, অধ্যাপক এ কিউ এম মহসিন, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক জিয়াউল হক, অধ্যাপক মাসুম কামাল, অধ্যাপক এজেড এম সালেহ অধ্যাপক অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম এবং ডাক্তার জাফর ইকবাল. বাংলাদেশের বাইরে যুক্তরাষ্ট্র থেকে প্রফেসর হাবিবুর রহমান, প্রফেসর রফিকউদ্দিন আহমেদ এবং প্রফেসর জন হ্যামিল্টন, প্রফেসর ডক্টর হামিদ রব, যুক্তরাজ্য থেকে প্রফেসর জন পেট্রিক, প্রফেসর জেনিফার ক্রস এবং ডা. জুবাইদা রহমানসহ আমেরিকা, ইউকে এবং বাংলাদেশের চিকিৎসকদের যৌথভাবে গঠিত মেডিকেল টিম কাজ করছেন।
এদিকে সন্ধ্যায় হাসপাতালে গিয়ে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি হাসপাতালে পৌঁছালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ. জে. এম. জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, খালেদা জিয়ার ছোট ভাই শামীম এসকান্দার এবং ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান প্রধান উপদেষ্টাকে রিসিভ করেন।
গত মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে যান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন তারা। একইদিন রাতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও এভারকেয়ার হাসপাতালে গিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন।
/অ