দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মিশন টিমের সঙ্গে সৌজন্য ও নীতিগত বৈঠক করেছে। শুক্রবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এক বিবৃতিতে এ তথ্য জানান।
এনসিপি নেতারা দেশের সংকটময় সময়ে বাংলাদেশকে সহায়তা এবং জরুরি সংস্কার বাস্তবায়নে আইএমএফের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, টেকসই উন্নয়নের জন্য এসব সংস্কার অত্যন্ত জরুরি।
বৈঠকে আইএমএফ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি, রাজস্ব আহরণ, রাজস্ব–জিডিপি অনুপাত, ডিস্ট্রেসড অ্যাসেট ও যুব কর্মসংস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এনসিপির প্রতিনিধিরা এসব চ্যালেঞ্জ স্বীকার করে বলেন, রাজস্ব ব্যবস্থার ডিজিটালাইজেশন, আর্থিক খাতের সংস্কার এবং ধীরগতির মাঝেও অর্থনৈতিক অগ্রগতির প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ।
সভায় পূর্ববর্তী সরকারের দুর্নীতি, এর ফলে অর্থনীতি ও প্রশাসনে প্রভাব এবং ভবিষ্যতে কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি অনানুষ্ঠানিক অর্থনীতি কমানো, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং অন্তর্বর্তী সরকার থেকে নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়ও আলোচনায় উঠে আসে।
উভয় পক্ষই আশা প্রকাশ করে, বাংলাদেশের পরিশ্রমী জনগণই উন্নয়নের প্রধান শক্তি এবং সম্মিলিত প্রচেষ্টায় অর্থনীতি আরও স্থিতিশীল হবে।
আইএমএফের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপাজর্জিউ, ঢাকা রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ম্যাক্সিম ক্রিশকো এবং ডেপুটি সেক্রেটারি ও ইকোনমিক অ্যানালিস্ট তৌহিদ এলাহী।
এনসিপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন জাবেদ রাসিন, সুলতান মোহাম্মদ জাকারিয়া, আলাউদ্দিন মোহাম্মদ, আব্দুল্লাহ আল মামুন ফয়সাল ও মো. আব্দুল্লাহ আল ফয়সাল।
এমএস/