দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক চিন্তাধারা ও নীতিকৌশল নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার কেন্দ্রবিন্দু ছিল যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন রচিত বই ‘Tarique Rahman: Politics and Policies Contemporary Bangladesh’।
শুক্রবার (২৪ অক্টোবর) অক্সফোর্ড ইউনিভার্সিটির এক্সিটার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিবাদমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় তারেক রহমানের ভিশনারী নেতৃত্বের বিকল্প নেই। ব্রিটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সভায় অংশ নেন সাবেক ব্রিটিশ কূটনীতিক স্যার পিটার হিপ, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ড. শহিদুল আলম এবং সাবেক এমপি জহির উদ্দিন স্বপন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিডলসেক্স ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক ড. মানজিদা আহমেদ।
ড. শহিদুল আলম বলেন, তারেক রহমানের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়েছে, যা বাংলাদেশের গণতন্ত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সাবেক ব্রিটিশ কূটনীতিক স্যার পিটার হিপ বলেন, বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য ও কূটনৈতিক প্রজ্ঞা জরুরি। জহির উদ্দিন স্বপন ও ড. শহিদুল আলম শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
মূল প্রবন্ধে ড. মানজিদা আহমেদ বলেন, তারেক রহমানের সংস্কারমুখী নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশা জাগানিয়া। নির্বাসিত অবস্থাতেও তিনি দলের তৃণমূল কর্মীদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং দেশের অর্থনীতি ও টেকসই উন্নয়ন বিষয়ে সচেতন। তার লক্ষ্য বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত করা।
ড. মানজিদা আরও বলেন, তারেক রহমান প্রতিশোধের রাজনীতি পরিহার করে একটি ন্যায়ভিত্তিক ও সমতার সমাজ গড়তে চান, যেখানে থাকবে মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার। তিনি ইতিমধ্যেই দেশের পুনর্গঠনের জন্য ৩১ দফা সংস্কার পরিকল্পনা উপস্থাপন করেছেন।
তিনি উল্লেখ করেন, তারেক রহমান বাংলাদেশকে অ্যামাজন, ইবে প্রভৃতি বৈশ্বিক ই-কমার্স প্লাটফর্মের হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছেন। তাঁর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রতিহিংসার রাজনীতি নয়, বরং ন্যায়, স্বাধীনতা ও অগ্রগতির ওপর ভিত্তি করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার।
সভাটি যৌথভাবে পরিচালনা করেন অক্সফোর্ড বাংলা সোসাইটির সভাপতি আহমেদ মুহতাদি ও সাইমুর মুজিব রহমান।
এমএস/