দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ও দৈনিক কালবেলার প্রকাশক, শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, হিংসার রাজনীতি নয়, ভালোবাসা ও সহনশীলতার মাধ্যমে প্রমাণ করা হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি একটি আদর্শিক রাজনৈতিক দল।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকাস্থ শরীয়তপুর-৩ আসনের নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ‘বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এদেশ থেকে স্বৈরশাসন বিদায় নিয়েছে। বেগম জিয়া, তারেক রহমান, গুম পরিবারের ত্যাগ এবং মুক্তিযোদ্ধাদের অবদানেই বাংলাদেশ আজ স্বৈরাচারমুক্ত।’
তিনি তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘মানুষের মনে কষ্ট দেবেন না, দলের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। শরীয়তপুরবাসী প্রমাণ করে দেবে তৃণমূলে কোনো অনৈক্য নেই—সবাই এক হয়ে ধানের শীষের পক্ষে কাজ করছে।’
অতীতের রাজনৈতিক প্রতিকূলতার কথা স্মরণ করে অপু বলেন, ‘২০১৮ সালে তারেক রহমানের নির্দেশে মানুষের সেবা করতে গিয়েছিলাম, তখন কিছু ষড়যন্ত্রকারী আমাকে হত্যার চেষ্টা করেছিল। দীর্ঘ আট বছর কারাগারে ছিলাম। তখন আমার ছেলে হাসপাতালে অসুস্থ ছিল, তবুও তারেক রহমান বলেছিলেন—মানুষকে ভালোবাসো, সেবায় নিয়োজিত থাকো। আমি তাই করেছি। কিন্তু আমাকে হত্যা করতে ষড়যন্ত্র করা হয়েছিল, যেন আমি শরীয়তপুর-৩ আসনের মানুষকে ভালোবাসতে না পারি। মানুষকে ভালোবাসতে গেলে যদি হত্যা করতে হয়, তবে সেটা কেমন রাজনীতি? বিএনপি কখনো এই হিংসাত্মক রাজনীতি করে না, বরং ঘৃণা করে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের সময়ে অনেক নেতাকর্মীকে বাড়িতে থাকতে দেওয়া হয়নি, ব্যবসা লুট হয়েছে, সম্পদ কেড়ে নেওয়া হয়েছে। আমার মা মারা গিয়েছিলেন, কিন্তু তখন প্রশাসন আমাকে এলাকায় ঢুকতে দেয়নি। বলেছিল, এলাকা ছাড়তে হবে। আমি অনুরোধ করেছিলাম তিন দিন থাকতে দিতে, কিন্তু দেয়নি। শরীয়তপুরের অনেক নেতাকর্মী একইভাবে নির্যাতনের শিকার হয়েছে। তবুও আমরা তাদের মতো হব না—আমরা ভালোবাসা দিয়ে প্রমাণ করব বিএনপি হিংসার নয়, সহনশীলতার দল।’
অপু আরও বলেন, ‘আমরা প্রমাণ করব বিএনপির কাছেই মানুষ নিরাপদ। আমরা প্রতিটি মানুষের পাশে থেকে দেখিয়ে দেব যে বিএনপির নেতাকর্মীরাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত।’
নিজের নির্বাচনী এলাকা শরীয়তপুর-৩ আসনের উন্নয়নের অঙ্গীকার করে তিনি বলেন, ‘আমরা সবাই মিলে শরীয়তপুরকে বাংলাদেশের মডেল জেলা হিসেবে গড়ে তুলব। ঘরে ঘরে ধানের শীষে ভোট চাইতে হবে।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি এ এস কামাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহিদুর রহমান, গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ, গোসাইরহাট পৌর আহ্বায়ক আলাউদ্দিন সরদার, সখিপুর থানা বিএনপির কর্নেল (অব.) ফয়সাল আহমেদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক এসএম জাহাঙ্গীরসহ অন্য নেতারা।
এ সময় শরীয়তপুর জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএস/