দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারকারীরা দেশের শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি শুভেচ্ছা বিনিময় করেন।
রহমাতুল্লাহ বলেন, ‘কোনো দেশপ্রেমিক শক্তি ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে না। প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকার সংবিধানে স্বীকৃত। রাজনৈতিক দর্শন জনগণের সামনে তুলে ধরতে হবে, আর জনগণই ঠিক করবে কাকে ভোট দেবে। যারা ধর্মের আড়ালে রাজনীতি করে তারা দেশপ্রেমিক হতে পারে না।’
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কিছু রাজনৈতিক দল ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। তবে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ হলেও ধর্মান্ধ নয়, তাই তারা এ ফাঁদে পা দেবে না।
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের উৎসবে যেমন মুসলমানরা আনন্দ ভাগাভাগি করে, তেমনি মুসলমানদের উৎসবেও তারা অংশ নেয়। তাই এসব উৎসবকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়।
অনুষ্ঠানে বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সম্পাদকসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএস/