দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেতাদের গাড়িবহর নিয়ে শোডাউন ও আয়ের উৎস নিয়ে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা প্রশ্ন তুলেছেন, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টাকা কোথা থেকে?
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তকরণ বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নতুন ধারার রাজনীতি কেমন যে দল গঠনের আগেই কোটি টাকার সরকারি গাড়ি ব্যবহার করা হয়? এমন রাজনীতি কীভাবে চলতে পারে যেখানে একেকজনের গাড়িবহরে ১৫৫ থেকে ১৬০টি গাড়ি থাকে? এই টাকা আসে কোথা থেকে?
আসন্ন সংসদ নির্বাচনের জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, ন্যূনতম সুষ্ঠু নির্বাচন হলেও বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া যাবে না। আমাদের মনে রাখতে হবে, আমাদের লড়াইয়ের মাটি কিন্তু কঠিন এবং আগের চেয়ে অনেক বিপদসংকুল।
তিনি আরও বলেন, প্রত্যেককেই নিজের এলাকায় বিএনপির প্রতিনিধিত্ব করতে হবে। আপনারাই তো বিএনপির প্রতিচ্ছবি, তাই আপনারা এমনভাবে চলুন যেন মানুষ বিএনপিকে আরও ভালোবাসে, আপনাদের দেখে তারা উদ্বুদ্ধ হয় এবং বিএনপির হাতকে শক্তিশালী করে।
রুমিন ফারহানা বলেন, বিএনপি তার ইতিহাসে কখনো কারচুপির নির্বাচন করেনি, সমর্থনও করে না। ভবিষ্যতেও কারচুপির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবে না। বিএনপি সংসদে যাবে মানুষের সমর্থন, ভালোবাসা ও আস্থার ভিত্তিতে।
সাবেক এই সংসদ সদস্য বলেন, বিএনপি ১৭ বছর ধরে নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। এখনো সেই আন্দোলন চলছে। কারণ বর্তমানে দেশে কোনো নির্বাচিত সরকার নেই, আছে অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির এ লড়াই চলবে।
এফএইচ/