দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই স্বাধীনতাবিরোধীরা আবারও ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেলক হক।
শনিবার (১৭ জুন) দুপুর ১২টায় চট্টগ্রাম মহানগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম হলে বিভাগীয় মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে। দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতেই স্বাধীনতাবিরোধীরা আবার ষড়যন্ত্র করছে। তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন বলেই আমরা বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তার জন্ম না হলে আজ আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না।
মোজাম্মেল হক বলেন, সারাদেশে বধ্যভূমি সংরক্ষণের কাজ চলমান। ঢাকার পরে মুক্তিযুদ্ধের সুঁতিকাগার চট্টগ্রাম। এখানে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘর নির্মাণের বিষয়ে সরকারের মহাপরিকল্পনা রয়েছে। পাহাড়তলী বধ্যভূমিসহ যেসব বধ্যভূমি রয়েছে, সেগুলোর সংরক্ষণ কাজ দ্রুত সময়ে সম্পন্ন করা হবে।
সমাবেশে উদ্বোধক ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মুক্তিযোদ্ধা সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। সমাবেশ পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল দুলু ও মহানগরের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ।