দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে, তার কন্যা হাসিনা গণতন্ত্রকে কবর দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে রমনা থানা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, অন্যায়, জুলুম, শোষণ থেকে মুক্তির জন্য ছাত্র-জনতা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। ছাত্ররা চেয়েছে অধিকার, তাদেরকে স্বৈরাচার হাসিনা বানিয়েছে রাজাকার। ১৯৭১ সালের চাওয়া-পাওয়া, মানুষের অধিকার গত ৫৪ বছরেও বাস্তবায়ন হয়নি। যাকে বলা হয়েছে স্বাধীনতার নায়ক, সেই শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে এদেশে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করেছে।
তিনি বলেন, শেখ মুজিবুর রহমান নিজ দলীয় ৩টি গণমাধ্যম ব্যতীত সকল গণমাধ্যম বন্ধ করে দিয়েছে। যে ব্যক্তি রাজনৈতিক দল নিষিদ্ধ করে, গণমাধ্যম বন্ধ করে, গণতন্ত্র হত্যা করে সেই ব্যক্তি কখনো স্বাধীনতার নায়ক হতে পারে না। শেখ মুজিব ভুয়া নায়ক।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ এদেশে যত আগুন দিবে, ততই তারা জনবিচ্ছিন্ন হয়ে নিঃশেষ হবে। জীবন দিব, তবুও বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কাউকে দখল করতে দেওয়া হবে না। অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে তার কার্যালয়ে গিয়ে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। জাতীয় স্বার্থে আমরা এক ও অভিন্ন থাকবো।
নায়েবে আমির বলেন, সংসদে কুরআনের আলো জ্বালাতে পারলেই, ঘরে-ঘরে কুরআনের আলো জ্বলবে। নয়তো শেখ হাসিনার মতোই ইসলাম বিদ্বেষীরা মানুষের ঘর থেকে কুরআন হাদিস জব্দ করে, জিহাদী বই, জঙ্গি বই উদ্ধার করা হয়েছে বলে মানুষের ওপর হামলা-মামলা করে জুলুম নির্যাতন চালাবে। শান্তি ও বৈষম্যমুক্ত ইসলামী সমাজ গড়তে ইসলামের পক্ষে ভোট দিতে আহ্বান জানাই।
রমনা থানার আমির মো. আতিকুর রহমানের সভাপতিত্বে আয়োজন করা সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, পল্টন থানার আমির মো. শাহিন আহমেদ খান প্রমুখ।
আরএ