দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু যখন ঢাকায়, তখন বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের নয় নেতা।
সেই ধারাবাহিকতায় এবার চীন যাচ্ছেন আওয়ামী লীগ ও দলটির সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কেন্দ্রীয় ৫০ নেতা। মূলত চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আগামী ২৫ মে দলটি বাংলাদেশ ত্যাগ করবে।
সেখানে প্রতিনিধিদলের সদস্যরা প্রশিক্ষণে অংশ নেওয়ার পাশাপাশি চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। এর ঠিক এক মাস পর আগামী ২৫ জুন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের আরেকটি দলের চীন সফরে যাওয়ার কথা রয়েছে।
আওয়ামী লীগ ও ১৪ দলের নেতারা বলছেন, চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তারা দেশটিতে যাচ্ছেন। জোটের বাম নেতারা প্রায় প্রতি বছরই চীন সফরে যান। চলতি বছর কয়েক ধাপে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা সফরে যাবেন, যা একটি স্বাভাবিক প্রক্রিয়া।
চীনের পক্ষ থেকে আমন্ত্রিত আওয়ামী লীগের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়। টিমটি যাবে চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ ঝেজিয়াংয়ে।
এই দলে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ৮ জন কেন্দ্রীয় নেতা, স্বেচ্ছাসেবক লীগের ৮ জন কেন্দ্রীয় নেতা, মহিলা আওয়ামী লীগের ৮ জন, যুব মহিলা লীগের ৬ জন, মহিলা শ্রমিক লীগের ৫ জন, ছাত্রলীগের ৮ জন ও বাংলাদেশ আওয়ামী লীগের ডেটাবেজ টিমের ৮ সদস্য অংশ নেবেন।
মূলত সেখানে একটি প্রশিক্ষণে অংশ নেবেন এই প্রতিনিধিদলের সদস্যরা। পাশাপাশি চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে জনগণের সম্পর্ক, দলটির জনগণের জন্য পরিচালিত কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে এই মুহূর্তে চীনে অবস্থান করছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের তিন শরিক দলের ৯ জন শীর্ষ নেতা।
এই দলে আছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাসদের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ মোহসীন, ওয়ার্কার্স পার্টির নারী নেত্রী লুৎফুন্নেছা খান, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য মোস্তফা লুৎফুল্লাহ, সাম্যবাদী দলের নেতা তৃপ্তি বড়ুয়া, হ মোশায়হিদ প্রমুখ। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত হজরত শাহজালাল বিমানবন্দরে প্রতিনিধিদলকে বিদায় জানান।
অন্যদিকে, ৫০ সদস্যের তরুণ নেতাদের পর জুনের শেষ দিকে চীন সফরে যাচ্ছেন আওয়ামী লীগের আরেকটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এই দলের নেতৃত্বে থাকবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ।
পর্যবেক্ষকরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের সঙ্গে ধারাবাহিকভাবে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর পাশাপাশি পার্টি টু পার্টি সম্পর্ক বৃদ্ধির অংশ হিসেবে গত কয়েক বছর ধরে আওয়ামী লীগ নেতাদের আমন্ত্রণ জানিয়ে আসছে চীন।
ডিপি/