দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিদ্যুৎ ও জ্বালানির ধাপে ধাপে মূল্যবৃদ্ধির ঘোষণা বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট।
যার অংশ হিসেবে আগামী ১১ মার্চ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ করবে দলটি। বৃহস্পতিবার (৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া ১১ মার্চ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাম গণতান্ত্রিক জোট। কর্মসূচি সফল করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন দলের নেতারা।
এক যুক্ত বিবৃতিতে বলা হয়, দেশে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে আছে। এর মধ্যে জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে।
অন্যান্য উৎপাদন খরচ বেড়ে গেছে, মূল্যবৃদ্ধি ঘটছে। এরমধ্যে ধাপে ধাপে বিদ্যুতের দাম বাড়লে মানুষের জীবন আরও সংকটাপন্ন হবে। দেশের প্রকৃত শিল্প উদ্যোক্তারা ইতিমধ্যে এ বিষয়ে তাদের হতাশা ব্যক্ত করেছে।
বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ায় ক্ষুদ্র শিল্প সংকটে পড়েছে উল্লেখ করে বিবৃতিতে নেতারা বলেন, ছোট ছোট দোকান ও বাড়ি ভাড়া বেড়ে গেছে। বরেন্দ্র অঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে পানির সংকটে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে।
ঠিক এ সময় বরেন্দ্র অঞ্চলে প্রতি ঘণ্টায় পানির দাম ৩০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আরও বাড়বে বলে জানানো হয়েছে। এ অবস্থা চলতে থাকলে কৃষি শিল্প সর্বত্রই উৎপাদন খরচ বেড়ে যাবে। যা সাধারণ মানুষের পকেট থেকে নেওয়া হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একদিকে বিদ্যুতের উৎপাদন খরচ বৃদ্ধির কথা বলা হচ্ছে। কিন্তু সরকারের প্রচলিত নীতিতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করায় উৎপাদন খরচ বেড়েছে। অন্যদিকে আর্থিক সংকটে বিদ্যুতের উৎপাদন কেন্দ্র থাকলেও-সরকার তা করতে পারছে না।
বিবৃতিতে সরকারকে মূল্যবৃদ্ধির পথ থেকে সরে এসে লোডশেডিং মুক্ত, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং কম দামে বিদ্যুৎ সরবরাহের দাবি জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেন- বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাসদ (মার্কসবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।
ডিপি/