দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি নেতা মঈন খানকে আটকের বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, মঈন খানকে আটকের ঘটনায় ধাক্কাধাক্কি হলে সেটা ইচ্ছাকৃতভাবে ঘটেনি। মঈন খানকে ইচ্ছে করে ধাক্কা দেয়নি পুলিশ। এ ধরনের পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই ধাক্কাধাক্কি হয়।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিনে দুপুরে এটিকে অবৈধ দাবি করে ‘কালো পতাকা’ মিছিল করার জন্য উত্তর উত্তরার ১২ নম্বর সেক্টরে নেতাকর্মীদের নিয়ে জড়ো হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। সেখান থেকে তাকে পুলিশ আটক করে বলে অভিযোগ ওঠে।
তবে মঈন খানকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে জানায় ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. শাহজাহান।
সংসদের প্রথম দিন বিএনপি কালো পতাকা মিছিল করেছে— এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, নতুন সরকারের সংসদের প্রথম দিনে কালো পতাকা মিছিল করে পরিস্থিতি অস্থিতিশীল করাটা ঠিক হয়নি। এজন্য পুলিশ বাধা দিয়েছে।
রাজনৈতিক কর্মসূচি করতে বাধা নেই উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে এরকম কর্মসূচি করতে দেওয়া হবে না।
রাজনৈতিক দলকে দমন করার জন্য কি আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০২৪ স্থায়ী করা হয়েছে— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোনো গোষ্ঠী বা রাজনৈতিক দলকে দমনের জন্য দ্রুত বিচার আইন স্থায়ী করা হয়নি। এই আইনের মাধ্যমে জ্বালাও-পোড়াও, সহিংসতাসহ অপরাজনীতি বন্ধ করা গিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত বিচার আইন কার্যকরের সুফল পাওয়া গেছে। তাই অপরাধের বিচার দ্রুত করার জন্য আইনটি স্থায়ী করা হয়েছে।
তিনি বলেন, দ্রুত বিচার কার্যক্রম হওয়ায় এটা আইনশৃঙ্খলা রক্ষায় অনেক কার্যকর হয়েছে। বিরোধী দল দমন নয়, যারা অবরোধ করবে, যারা আইনশৃঙ্খলা অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হবে।
এফএইচ