দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ আখ্যায়িত করে অতি দ্রুত নির্বাচন বাতিল ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থাসমূহের মর্যাদা সুরক্ষার দাবি জানিয়েছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। শুক্রবার (১ ডিসেম্বর) জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন এক বিবৃতিতে এ কথা জানান।
বিবৃতিতে তারা বলেন, গণঅভিপ্রায়কে উপেক্ষা করে জাতীয় সংসদ নির্বাচনকে প্রতিযোগিতাহীন প্রহসনমূলক ডামি নির্বাচনের সার্কাসে রূপান্তর করার রাজনৈতিক ও নৈতিক প্রয়োজন ফুরিয়ে গেছে। একতরফা নির্বাচনের আয়োজনে ডামি প্রার্থী রাখার সরকারি ঘোষণা বা নির্দেশনা পুরো নির্বাচনকেই ডামি নির্বাচন হিসেবে রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত করে ফেলেছে। প্রজাতন্ত্র সাংবিধানিকভাবে কোনো ডামি নির্বাচনের আয়োজন করতে পারে না।
এদিকে নির্বাচনের বৈতরণী পার হতে গায়েবি মামলায় গ্রেপ্তার-সমঝোতা এবং বিভিন্ন প্রার্থী কেনাবেচা বা জিম্মি করার কাজে সরকার অবৈধভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছে। সরকারের ক্ষমতা ধরে রাখার স্বার্থে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে সংবিধান বহির্ভূতভাবে ব্যবহার করা বা রাষ্ট্রীয় সংস্থার মর্যাদা বিপন্ন করা থেকে সরকারকে অবশ্যই বিরত থাকতে হবে।
নেতৃবৃন্দ বিবৃতিতে অবিলম্বে একতরফা প্রতিযোগিতাহীন ডামি নির্বাচনের সার্কাস বাতিল ও সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠনে জাতীয় ঐকমত্য সৃষ্টির উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
আরএ