দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, রাষ্ট্রকে জিম্মি করে সরকারের ক্ষমতা ধরে রাখার চক্রান্তের অংশ হিসেবে পাতানো নির্বাচন করতে যাচ্ছে। এ নির্বাচনে অংশ নেবে না জেএসডি।
শনিবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, ভোটাধিকার হরণ করে পাতানো নির্বাচন রাষ্ট্রকে রাজনৈতিক, অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক সমীকরণে চরম বিপর্যয়ে ফেলবে। অস্থির রাজনীতিকে অধিকতর অস্থির ও সংঘাতমুখী করে ফেলবে এবং গণতান্ত্রিক বিশ্ব থেকে রাষ্ট্রকে বিচ্ছিন্ন করে ফেলবে। রাষ্ট্র এবং জনগণকে বলি দিয়ে অবৈধ ক্ষমতা ধরে রাখার অপকৌশল কোনোক্রমেই গ্রহণীয় হতে পারে না।
বিবৃতিতে আরও বলা হয়, বিরোধী দলের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার, কারাগারে প্রেরণ এবং কারাদণ্ড প্রদান আজকের বিশ্বে বিরল ঘটনা। বল প্রয়োগ করে গণতন্ত্রের সব পথ রুদ্ধ করে কেবলমাত্র ইচ্ছা পূরণের নির্বাচনের মাধ্যমে পূর্ব নির্ধারিত ফলাফল ঘোষণার আনুষ্ঠানিকতা রাষ্ট্রের স্থিতিশীলতাকে ঝুঁকিপূর্ণ করে তুলবে। রাষ্ট্রকে জিম্মি করে ক্ষমতা আঁকড়ে রাখার সরকারের আত্মঘাতী অপকৌশলের বিপজ্জনক ফাঁদে যারা জড়িত হবেন, তাদেরও দায় নিতে হবে।
এই নির্বাচনি তফসিল বাতিল করে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং ঘোষিত ৩১ দফার ভিত্তিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজনই হবে এই মুহূর্তের রাজনৈতিক করণীয় ও কর্তব্য।
কেএইচ