দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর শাপলা চত্বরেই আগামী ২৮ অক্টোবর যেকোনো মূল্যে মহাসমাবেশ করবে জামায়াতে ইসলামী বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে সমাবেশ বাস্তবায়ন উপকমিটির বৈঠকে এ কথা বলেন তিনি।
নূরুল ইসলাম বুলবুল বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, দেশের সংবিধান অনুযায়ী কর্মসূচি পালনের অধিকার রাখি। ক্ষমতাসীনদের দীর্ঘ ১৫ বছরের দুঃশাসনে দেশের জনগণ চরম অতিষ্ঠ। চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ থেকে শুরু করে বিদ্যুৎ-গ্যাস সবকিছুর মূল্য আকাশচুম্বী। দেশের মানুষের জীবনযাত্রা আজ দুর্বিষহ। এমতাবস্থায় আমরা জনগণের দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে নামতে বাধ্য হয়েছি।
তিনি আরও বলেন, জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় ২৮ অক্টোবর দুপুর ২টায় মহাসমাবেশ করার ঘোষণা হয়েছে। আমরা তা বাস্তবায়ন করার প্রস্তুতি নিচ্ছি। বিশৃঙ্খলা চাই না, শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করছি। মহাসমাবেশ বাস্তবায়নে সহযোগিতা করা পুলিশের নৈতিক দায়িত্ব এটা সচেতন দেশবাসী মনে করে।
শাপলা চত্বরে সমাবেশ করা হবে উল্লেখ করে বুলবুল বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এ সমাবেশকে মাইলফলক হিসেবে গ্রহণ করে তা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। তিনি নগরবাসীকে সঙ্গে নিয়ে দলে দলে মহাসমাবেশে যোগদান করার জন্য উদাত্ব আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, এর আগে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জামায়াত নিবন্ধনহীন দল। তাদেরকে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না।
আরএ