দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তরুণদের দিক-নির্দেশনা দেবেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের আয়োজনে এ সমাবেশ হবে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে সমাবেশস্থল পরিদর্শনে এসে এ কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, নৌকার অভিযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে তরুণ প্রজন্ম। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। এই সমাবেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাবেশ থেকে বর্তমান প্রেক্ষাপটে তরুণদের দিক-নির্দেশনা দেবেন তিনি।
কাদের বলেন, আজকে দেশের বৈধ সরকারকে হটাতে ও গণতন্ত্রের বিরুদ্ধে জঙ্গিবাদী, সাম্প্রদায়িক অপশক্তির যে চক্রান্ত চলছে ছাত্রলীগের সমাবেশ থেকে তার প্রতিবাদ করা হবে।
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচার কার্যক্রম প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তার বিরুদ্ধে মামলা আওয়ামী লীগ করেনি। বঞ্চিত শ্রমিকেরা এখানে মামলা করেছে। কেউ ট্যাক্স ফাঁকি দিলে, গরিবের অর্থ আত্মসাৎ করলে তার বিরুদ্ধে মামলা হবে না?
ড. ইউনূসের পক্ষে বিশ্বনেতাদের চিঠি দেওয়ার ব্যাপারে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কেউ শ্রমিকের অর্থ আত্মসাৎ করলে দেশের প্রচলিত আইনে বিচার হবে। এখানে হস্তক্ষেপের কিছু নেই। মামলা নিয়ে কোনো শঙ্কা থাকলে তা যাচাই করতে বিশ্বনেতারা বাংলাদেশে বিশেষজ্ঞ পাঠাতে পারেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ আরও অনেকে।
জেডএ