দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর ঘিরে বিতর্কের বিষয়ে মুখ খুলেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি অভিযোগ করে বলেছেন, অস্ট্রেলিয়ায় অবস্থানরত আওয়ামী লীগের একটি গোষ্ঠীর পরোক্ষ ইন্ধনে দুটি সংগঠন জামায়াত আমিরের সফর বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। তবে সব বাধা উপেক্ষা করে নির্ধারিত কর্মসূচি সম্পন্ন করে দেশে ফিরেছেন ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এ সংক্রান্ত এক বিবৃতিতে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
মিয়া গোলাম পরওয়ার তার বিবৃতিতে জানান, ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফর শেষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় ফিরেছেন জামায়াত আমির। সফরকালে তার নির্ধারিত সব কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
গোলাম পরওয়ার বলেন, ‘অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন’ (এজেএ) এবং ‘অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন’ (এএইচএ) নামে দুটি সংগঠন অস্ট্রেলিয়ায় অবস্থানরত পতিত আওয়ামী লীগের একটি গোষ্ঠীর পরোক্ষ ইন্ধনে ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে বিষোদ্গার ও অপপ্রচার চালায়।
তিনি অভিযোগ করেন, জামায়াত আমিরের সফরসূচি বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে সংগঠন দুটি অস্ট্রেলিয়া সরকারের কাছে বিবৃতি দেয়। তবে অস্ট্রেলীয় সরকার তাদের ওই বিবৃতিকে গুরুত্ব দেয়নি। মহান আল্লাহর কৃপায় ডা. শফিকুর রহমান তার নির্ধারিত সব কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেছেন।
বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, বিরোধীদলীয় নেতার বিভিন্ন কর্মসূচিতে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। প্রবাসীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে জামায়াত আমিরকে বরণ করে নেন। এ সময় তারা নিজেদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।
গোলাম পরওয়ার বলেন, প্রবাসীদের সব কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাদের সহযোগিতা কামনা করেন তিনি।
এমজে