দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশের স্থপতি হিসেবে স্বীকৃতি দিয়ে সক্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি (আহ্বায়ক) মুতাসিম বিল্লাহ।
গত বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুকে এক ভিডিও বার্তা আপলোড করে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। পরদিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্থানীয় একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। ভিডিও বার্তায় নিজের রাজনৈতিক অবস্থান ও আদর্শিক বিশ্বাসের কথা তুলে ধরে মুতাসিম বিল্লাহ বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি ছিলেন, আছেন এবং চিরকাল থাকবেন।”
রাজনীতিতে আসার প্রেক্ষাপট বর্ণনা করে তিনি জানান, সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে কেবল নিপীড়িত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেই রাজনীতিতে যুক্ত হয়েছিলেন তিনি। তাঁর মূল লক্ষ্য ছিল নিজ এলাকার জুলুমের শিকার মানুষদের কণ্ঠস্বর হওয়া ।
সাংগঠনিক পরিচয়ের বিষয়ে তিনি উল্লেখ করে বলেন, ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরের দিকে তিনি এনসিপির টুঙ্গিপাড়া উপজেলা শাখার আহ্বায়কের দায়িত্ব পান, যা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন পর্যন্ত কার্যকর ছিল। তবে নির্বাচনের পর পেশাগত জীবন, ক্যারিয়ার ও পরিবারকে সময় দিতে গিয়ে সাংগঠনিক কর্মকাণ্ডে আর সক্রিয় ভূমিকা রাখতে পারেননি।
আনুষ্ঠানিক বিদায়ের ঘোষণা দিয়ে মুতাসিম বিল্লাহ বলেন, “১৮ নভেম্বর ২০২৬ তারিখ থেকে আমি সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও পদ-পদবি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি।”
দায়িত্ব পালনকালে অনিচ্ছাকৃত কোনো ভুল বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন।
পাশাপাশি রাজনৈতিক পথচলায় যাঁরা তাঁকে পরামর্শ ও সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। তবে প্রচলিত রাজনীতি ছাড়লেও দেশ ও নিজ জন্মভূমি টুঙ্গিপাড়া এবং গোপালগঞ্জের মানুষের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে এলাকাবাসীর সুস্থতা, সাফল্য ও মঙ্গল কামনা করে সবার কাছে দোয়া চান তিনি।
এমজে