দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর বিজয়নগরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে পার্ক করা গাড়িতে এ ঘটনা ঘটে।
দলটির অভিযোগ, মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত অটোরিকশায় এসে মঞ্জুর গাড়িতে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে উঠলে তারা দ্রুত অটোরিকশায় করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নৈশপ্রহরীরা সিসিটিভি ক্যামেরায় আগুন লাগানোর ঘটনা দেখতে পেয়ে দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করেন। তবে এর আগেই গাড়িটির একাংশ পুড়ে যায়।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ যৌথ বিবৃতিতে নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে নেতারা বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি রাজনৈতিক অসহিষ্ণুতা, ভীতি প্রদর্শন ও সন্ত্রাসের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। এ ধরনের কাপুরুষোচিত হামলা চালিয়ে এবি পার্টিকে দমিয়ে রাখা যাবে না।
তারা আরও অভিযোগ করেন, আগুন-সন্ত্রাস, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিক শক্তিকে দমিয়ে রাখার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। পতিত ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে বলেও দাবি করেন তারা।
রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান এবি পার্টির নেতারা।
একইসঙ্গে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানান তারা।
এমজে