দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদকবিরোধী কার্যক্রম ও আইনের শাসন প্রতিষ্ঠা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। মাদক নির্মূলের বিষয়টি গুরুত্ব না দিয়ে তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ ক্ষোভ প্রকাশ করেন ইশরাক।
পোস্টে তিনি লেখেন, নাহিদ ইসলামকে নতুন বন্দোবস্তের ধারক মনে করতেন তিনি। তবে তাঁর প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে নাহিদ মাদকের বিস্তার ও প্রতিকার নিয়ে কথা না বলে তাঁর ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন বলে অভিযোগ করেন ইশরাক। তাঁর মতে, আগে মাদকের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা উচিত ছিল।
ইশরাক আরও লেখেন, ‘দুঃখিত জেন-জি, কোনো নতুন বন্দোবস্ত এদের মাধ্যমে পাচ্ছেন না।’ মাদকের কারণে তরুণসমাজ ধ্বংস হচ্ছে উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে উদ্বেগ জানিয়ে আরেকজন তাঁকে ফোন করেছিলেন। তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি তিনি।
মাদক নির্মূলের উদ্যোগ নিতে গিয়ে ফৌজদারি মামলার মুখোমুখি হওয়ার প্রসঙ্গ টেনে ইশরাক বলেন, তিনি আইন মেনেই কাজ করতে চান। নাহিদ ইসলামকে তাঁর বিরুদ্ধে মামলা করার চ্যালেঞ্জ জানিয়ে তিনি লেখেন, মামলা হলে নিজেই আত্মসমর্পণ করে কারাগারে যাবেন।
এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও সমালোচনা করেন ইশরাক। মাদক নির্মূলে প্রচলিত পদ্ধতির বাইরে অন্যভাবে প্রতিকারের ইঙ্গিত দিয়ে তিনি লেখেন, ‘যেমন কুকুর তেমন মুগুর।’ একই সঙ্গে বড় মাদক ব্যবসায়ীদের উদ্দেশে শিগগির পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি ইশরাক।
এমএম/