দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি জনগণের সরকার হতে পারেনি, বরং নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভার অডিটোরিয়ামে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে ব্যবসায়িক অভিজ্ঞতা ও যোগ্যতার পরিবর্তে সংসদ সদস্যদের সন্তান ও আত্মীয়দের প্রাধান্য দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় নিয়োগ এবং সার ডিলার নিয়োগের প্রক্রিয়া দেখলে মনে হয়, বিএনপি এখনো জনগণের সরকার হয়ে উঠতে পারেনি।
তিনি বলেন, জুলাই আন্দোলনের পর বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে নির্বাচিত হলে তাঁরা আশা করেছিলেন, দলটি দেশের সব মানুষের সরকার হয়ে উঠবে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দলীয় স্বার্থ প্রাধান্য পাওয়ায় বিএনপি নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, নিয়োগ-বাণিজ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সারজিস আলম। এসব সমস্যা সমাধানে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং রাজনৈতিক দলগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি।
শরীয়তপুরের যোগাযোগব্যবস্থার সমালোচনা করে সারজিস আলম বলেন, পদ্মা সেতু থেকে এ জেলায় আসার পথ দেখে মনে হয়, এটি যেন একটি ছিটমহল। যে দলই ক্ষমতায় আসুক না কেন, জেলার সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। এক বছর আগে এসে সড়কের যে বেহাল দশা দেখেছিলেন, এক বছর পরও তার কোনো পরিবর্তন হয়নি।
সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আদীব আরিফ, শ্রমিকশক্তির সদস্যসচিব ঋজু মোর্শেদ এবং দলের কেন্দ্রীয় সদস্য ইমরান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা এনসিপির আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন। সঞ্চালনা করেন জেলা এনসিপির সদস্যসচিব সবুজ তালুকদার।
এ ছাড়া জেলা যুবশক্তির আহ্বায়ক কাউসার, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ইয়াসিন এবং নারীশক্তি ও শ্রমিকশক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএস/