দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক সমস্যা উল্লেখ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রোহিঙ্গাদের সংকট থেকে মুক্তির একমাত্র সমাধান তাদের নিজ দেশে সম্মানের সঙ্গে ফিরিয়ে দেওয়া। তবে সেই পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ কিছুই করতে পারেনি। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলাপকালে তাদের ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অবস্থান জানানো হয়েছে। চীন, ভারত তথা জাতিসংঘ উদ্যোগী হলে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, রোহিঙ্গাদের বিশাল জনগোষ্ঠী অনাদর, অবহেলা ও অশিক্ষার মধ্যে বেড়ে উঠছে। এটি ভবিষ্যতে এ অঞ্চলের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
মতবিনিময়কালে সাংবাদিকদের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও মতামত শোনেন তিনি এবং সেগুলোর উত্তর দেন।
জ্বালানির দাম বাড়ার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এতে শুধু দ্রব্যমূল্যই নয়, যাতায়াত খরচও বেড়েছে। বিরোধী দল রাজপথে সমাধান চায়নি, সংসদে চেয়েছিল। ৬৮ বিধিতে নোটিশ দিয়ে এ বিষয়ে আলোচনা হয়েছিল। বিদ্যুৎ খাতে বিশেষজ্ঞ কারিগরি দল দিতে চাইলেও সরকার তা গ্রহণ করেনি বলে দাবি করেন তিনি।
লংমার্চে টোল প্রদান করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সব দাবিই নির্দলীয় ও যৌক্তিক। সবার দাবি নিয়েই বিরোধী দল মাঠে নেমেছে।
দেশের শান্তি ও গণতন্ত্র সুসংহত রাখতে সরকারের প্রতি দায়িত্বশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, সরকারি দল যদি নিজেরাই আইনশৃঙ্খলায় ভায়োলেন্স করে, তাহলে কিছু বলার থাকে না।
গণমাধ্যম প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, মিডিয়ার ওপর ‘ওপরের’ চাপ আছে, এটা সবাই বোঝে। ‘ওপরের’ চাপ কী, তা সবাই জানলেও কেউ বলে না। গণমাধ্যম ভয়ের সংস্কৃতি নিয়ে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
দেশজুড়ে হামে শিশু মৃত্যুর বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, সারাদেশে সমস্যা বিদ্যমান থাকলেও সংসদে তা নেই। জেলা সদরের মতো উপজেলা সদরেও আইসিইউ দেওয়ার কথা বলা হচ্ছে, যা অবাস্তব। সবকিছুতেই লুকোচুরির মানসিকতা রয়েছে। টিকা নিয়েও ‘তেলেসমাতি’ করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্যের প্রতিক্রিয়ায় ডা. শফিকুর রহমান বলেন, তারা জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন চেয়েছিলেন। তাঁর ভাষায়, ‘ইসির বাড়ি বাংলাদেশে না। সারাবছরই তো কোনো না কোনো পরীক্ষা হয়। নির্বাচন কমিশনের মেরুদণ্ড শক্ত নয়, দুর্বল মেরুদণ্ড।’
এমএম/