দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০টিরও বেশি দেশের অংশগ্রহণে আগামী ২৯ অক্টোবর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬। তিন দিনব্যাপী এ মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের পর্যটন শিল্পের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এ মেলার আয়োজন করছে। পর্যটন খাতের বিকাশ, নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাই মেলার মূল উদ্দেশ্য। এবারের বিটিটিএফের টাইটেল স্পনসর ইউএস-বাংলা এয়ারলাইন্স।
সোমবার রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে বিটিটিএফ ২০২৬-এর বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন টোয়াবের সভাপতি মোহাম্মদ হানিফ।
আয়োজকেরা জানান, এবারের মেলায় ২০০টির বেশি বুথ ও স্টল থাকবে। এতে ২২০টির বেশি প্রদর্শক, ২৫০ জনের বেশি যোগ্য ক্রেতা এবং ২ হাজার ৫০০-এর বেশি বাণিজ্যিক দর্শনার্থী অংশ নেবেন। পাশাপাশি ৬০ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
মেলায় চারটি থিমভিত্তিক প্রদর্শনী হলে এয়ারলাইন্স, হোটেল, ট্যুর অপারেটরসহ পর্যটন খাতের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। দেশি-বিদেশি পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের সেবা, পণ্য ও বিভিন্ন পর্যটন গন্তব্য তুলে ধরার সুযোগ পাবে।
এবারের মেলায় নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ ও ফিলিপাইনের অংশগ্রহণ ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। এছাড়া তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজানসহ বিভিন্ন দেশের পর্যটন প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সি অংশ নেবে বলে জানিয়েছে আয়োজকেরা।
আয়োজকদের মতে, আন্তর্জাতিক পর্যটন অংশীদারদের অংশগ্রহণের ফলে বিভিন্ন দেশের পর্যটন গন্তব্যের প্রচার, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যটন বাজারের মধ্যে সহযোগিতার পরিধি বাড়বে।
মেলায় সার্বিক সহযোগিতা করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
এ ছাড়া প্লাটিনাম হসপিটালিটি পার্টনার হিসেবে রয়েছে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট। জনসংযোগ পার্টনার ওপাস কমিউনিকেশনস লিমিটেড, প্রযুক্তি পার্টনার এম৩৬০ আইসিটি এবং পরিবহন পার্টনার কনভয় সার্ভিস।
আয়োজকেরা বলছেন, ১৩ বারের বেশি সফল আয়োজনের পর বিটিটিএফ দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন বাজার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ক্রেতা ও বিক্রেতাদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসার মাধ্যমে নতুন ব্যবসায়িক সুযোগ তৈরির পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যটন সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখছে এ মেলা।
তাঁদের প্রত্যাশা, বিটিটিএফ ২০২৬-এর মাধ্যমে বাংলাদেশের পর্যটন গন্তব্যগুলোর আন্তর্জাতিক প্রচার বাড়বে, নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি হবে এবং বৈশ্বিক পর্যটন বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।
এমএস/