দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর ফার্মগেটে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের মিলনায়তনে ‘বাংলাদেশে এভিয়েশন পেশা: সুযোগ, ক্রমবিকাশ ও কর্মজীবনের পথ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ইউএপি ও এভিয়ানোমিক্সের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। দেশের ক্রমবর্ধমান এভিয়েশন খাতের সম্ভাবনা, আধুনিকায়ন এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তুলে ধরাই ছিল এ আয়োজনের লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি কে এম মোজিবুল হক। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া। মূল বক্তব্য উপস্থাপন করেন বিমান চলাচল বিশেষজ্ঞ ও এভিয়ানোমিক্সের প্রতিষ্ঠাতা প্রশান্ত কুমার চক্রবর্তী।
মূল বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের বিমান চলাচল খাত দ্রুত বিকাশমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিকীকরণ এবং ড্রোন প্রযুক্তির বিস্তার এই খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। পাইলট ও কেবিন ক্রুর পাশাপাশি প্রকৌশলী, তথ্য বিশ্লেষক, আকাশপথ নিয়ন্ত্রক ও নিরাপত্তা ব্যবস্থাপকদের চাহিদা বাড়ছে।
প্রধান অতিথির বক্তব্যে কে এম মোজিবুল হক বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু তাত্ত্বিক জ্ঞান যথেষ্ট নয়। শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা ও শিল্প-উপযোগী করে তুলতে ইউএপি কাজ করছে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, বিমান চলাচল খাত দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এ খাতে নতুন একাডেমিক কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে ইউএপি ও এভিয়ানোমিক্সের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তির ঘোষণা দেওয়া হয়। এর আওতায় শিক্ষার্থীরা বিমান চলাচল ব্যবস্থাপনা, আকাশযান প্রকৌশল ও নিরাপত্তা বিষয়ে বিশেষায়িত কোর্স ও প্রশিক্ষণে অংশ নিতে পারবে।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শেষে প্রশিক্ষণ, বৃত্তি, আন্তর্জাতিক সনদ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
এমএস/