দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পথকুকুরের স্পে-নিউটার ও টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় পথপ্রাণী কল্যাণ সংস্থা ‘ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন’ এই কর্মসূচি বাস্তবায়ন করছে। এতে অংশ নিচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাণিপ্রেমী শিক্ষার্থীদের দুটি সংগঠন ‘স্নেহটেইল’ ও ‘গার্ডিয়ান্স অব পজ অ্যান্ড ক্লজ (জিপিসি)’।
শুক্রবার শুরু হওয়া এই কার্যক্রম আজও চলছে। পরে পথকুকুরদের টিকাদান কর্মসূচিও পরিচালনা করা হবে।
ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ফারহাদুজ্জামান রুদ্র বলেন, ২ জন চিকিৎসকসহ ১২ সদস্যের দল এই উদ্যোগে কাজ করছে। প্রথম দিন ২৯টি কুকুরকে স্পে-নিউটার করা হয়েছে। দুই দিনের পুরো কর্মসূচিতে ৬০ থেকে ৬৫টি কুকুরের অস্ত্রোপচার করার লক্ষ্য রয়েছে। অপারেশনের পর কুকুরগুলোর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে, প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থাও নেওয়া হবে। আগামী ২৮ অক্টোবর কুকুরগুলোর র্যাবিস টিকা দেওয়া হবে। প্রতিটি কুকুরের গলায় পরিচয় বেল্ট ও কানে বিশেষ চিহ্ন দেওয়া হবে।
তিনি আরও বলেন, এই উদ্যোগ ক্যাম্পাসে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি পথপ্রাণীদের সুরক্ষা নিশ্চিত করবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের এই কর্মসূচি অন্যান্য প্রতিষ্ঠানগুলোর জন্য উদাহরণ হতে পারে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্র বিষয়ক পরিচালক ড. তারেক বিন সালাম বলেন, সাম্প্রতিক সময়ে কুকুরের কারণে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল। শিক্ষার্থীদের একটি দল প্রাণিবান্ধব উপায়ে নিয়ন্ত্রণের প্রস্তাব দিলে প্রশাসন তা গ্রহণ করে সহায়তা দিয়েছে। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো, চিকিৎসক দলের আবাসন, পোস্ট-অপারেটিভ কেয়ার ইউনিট, নিরাপত্তা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।
উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, প্রাণীর প্রতি সহনশীল আচরণ করা মানবিক দায়িত্ব। বিশ্ববিদ্যালয় সবসময় বৈজ্ঞানিক ও পরিবেশবান্ধব পদক্ষেপে বিশ্বাসী। এই কর্মসূচি ক্যাম্পাসকে আরও নিরাপদ ও মানবিক করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এমএস/