দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রিয় মালতি’, ‘সাবা’ ও ‘মহানগর’খ্যাত চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশ পেয়েছেন ‘মিশুক মুনীর স্মৃতি পুরস্কার ২০২৬’। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে পুরস্কারের ক্রেস্ট ও চেক তুলে দেন বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি ও সাংস্কৃতিক সংগঠক আবুল খায়ের।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় বরকত হোসেন পলাশ বলেন, এত সম্মানজনক পুরস্কার পেয়ে নিজেকে একই সঙ্গে নগণ্য ও ধন্য মনে হচ্ছে।
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত আকরাম খানের চলচ্চিত্র ‘নকশী কাঁথার জমিন’-এর চিত্রগ্রহণের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। উন্মুক্ত আহ্বানের মাধ্যমে পলাশকে নির্বাচিত করে তিন সদস্যের জুরি বোর্ড। এতে ছিলেন চলচ্চিত্রকার ও অধ্যাপক ড. জাকির হোসেন রাজু, চলচ্চিত্রকার শামীম আখতার এবং চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু।
অনুষ্ঠানে প্রধান অতিথি আবুল খায়ের মুনীর চৌধুরী পরিবারের সাংস্কৃতিক অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কৈশোর থেকে এই পরিবারের সান্নিধ্যে থেকে সৃজনশীলতার ধারণা ও বিভিন্ন শিল্পমাধ্যমের প্রতি ভালোবাসা দৃঢ় হয়েছে।
লিলি-মুনীর স্মৃতি রক্ষা ট্রাস্টের পক্ষ থেকে সাংবাদিক কুররাতুল আইন তাহমিনা বলেন, সম্প্রচার সাংবাদিকতা ও চিত্রগ্রহণের জন্য এ প্রতিযোগিতামূলক আয়োজন প্রতিবছর চলবে। মিশুক আমাদের মাঝেই আছেন এবং থাকবেন।
অনুষ্ঠানের বড় একটি অংশজুড়ে ছিল মিশুক মুনীরের বহুমুখী প্রতিভা ও অবদানের স্মরণ। বিশেষ অতিথি, চ্যানেল আইয়ের চলচ্চিত্রকার ও অনুষ্ঠান নির্মাতা আকা রেজা গালিব স্মরণ করেন, কীভাবে মিশুক মুনীর বিবিসি ও একুশে টেলিভিশনের কারিগরি মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বলেন, বাংলাদেশে প্রামাণ্যচিত্রের চিত্রগ্রহণে মিশুক ভাই নিঃসন্দেহে শ্রেষ্ঠ।
সাংবাদিক-শিক্ষক আফসান চৌধুরীর লিখিত স্মৃতিচারণে উঠে আসে জীবনের বিভিন্ন পর্যায়ে মিশুক মুনীরের নিজেকে গড়ে তোলার গল্প এবং নিজের অর্জিত জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার বিষয়টি।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও মিশুক মুনীরের অবদান ও স্মৃতিচারণ করেন। তার অগ্রজ আহমেদ মুনীর বলেন, মিশুক বলতেন, আমাদের সংবাদ প্রতিবেদনের সবচেয়ে বড় সমস্যা হলো বস্তুনিষ্ঠ হওয়ার পরিবর্তে প্রতিবেদকের মতামতের প্রভাব।
তরুণ চলচ্চিত্রকর্মী ও প্রশিক্ষকরা জানান, ব্যক্তি উদ্যোগে একদল তরুণ মিশুক মুনীরের শিক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র পাঠক্রমে অন্তর্ভুক্ত করার কাজ করে যাচ্ছেন।
মিশুক মুনীর স্মৃতি পুরস্কার ২০২৬ প্রদান অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিনেত্রী ত্রপা মজুমদার। সার্বিক আয়োজনের সমন্বয় এবং উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান মিশুক মুনীরের ছোট ভাই ও সংস্কৃতিকর্মী আসিফ মুনীর।
এমএস/