দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের জ্বালানি অবকাঠামো ও মেগা প্রকল্প নির্মাণশিল্পে দীর্ঘ কর্মজীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখা দীপন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদ হাসান আর নেই।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা ১ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
মরহুমের নামাজে জানাজা রোববার (২৭ সেপ্টেম্বর) আসর নামাজের পর গুলশান সোসাইটি মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৭০ সালে শূন্য থেকে ব্যবসায়িক জীবন শুরু করেছিলেন আলহাজ্ব মাহমুদ হাসান। দীর্ঘ কর্মজীবনে জ্বালানি, পানি, বিদ্যুৎ ও বৃহৎ অবকাঠামো নির্মাণ খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। তার উদ্যোগ ও নেতৃত্বে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের গ্যাস পাইপলাইন ও গ্যাস প্রসেসিং প্ল্যান্ট, ভাল্ভ স্টেশন ও মিটারিং স্টেশন, ওয়াসার পানির পাইপলাইনসহ বহু গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে কাজ হয়েছে।
তার নেতৃত্বে বিবিয়ানা গ্যাসক্ষেত্র ও সংশ্লিষ্ট পাইপলাইন, ভারত-বাংলাদেশ তেল পাইপলাইন এবং মহেশখালী থেকে চট্টগ্রামমুখী এলএনজি পাইপলাইন নির্মাণসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে তার প্রতিষ্ঠানগুলো কাজ করেছে। এছাড়া বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ও রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ শতাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণেও তার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততা ছিল।
জ্বালানি ও মেগা প্রকল্পকেন্দ্রিক নির্মাণশিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের কাছে আলহাজ্ব মাহমুদ হাসানের মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে। তার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, উদ্যোগ ও অবকাঠামো উন্নয়নে অবদান দেশের নির্মাণ ও জ্বালানি খাতে স্মরণীয় হয়ে থাকবে।
ব্যক্তিজীবনে আলহাজ্ব মাহমুদ হাসান ছিলেন অত্যন্ত ধার্মিক, অমায়িক ও পরোপকারী। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর, কর্মস্থল সাভারসহ দেশের বিভিন্ন স্থানে তিনি অসংখ্য ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও সহযোগিতা করেছেন। একই সঙ্গে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি অকাতরে সহায়তা করেছেন।
তার ইন্তেকালের সংবাদে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী, ব্যবসায়ী মহল এবং তার অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের পক্ষ থেকে মরহুম আলহাজ্ব মাহমুদ হাসানের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
/অ