দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের রাজনীতিতে আজ সবচেয়ে বড় সংকট হলো মানুষের আস্থাহীনতা। দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, পরিকল্পনার কথা বলা হয়েছে, কিন্তু বাস্তব জীবনে তার প্রতিফলন খুব কম মানুষই অনুভব করেছে। ফলে সাধারণ নাগরিক এখন আর স্লোগান বা বক্তৃতায় সহজে বিশ্বাস করে না। তারা জানতে চায় ক্ষমতায় গেলে একটি দল বাস্তবে কী করবে, কীভাবে করবে এবং তার সুফল সমাজের সর্বস্তরে পৌঁছাবে কি না। এই বাস্তবতায় বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় কী ধরনের দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে, সে বিষয়ে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর জন্য "দেশ গড়ার পরিকল্পনা"—শীর্ষক ধারাবাহিক কর্মশালা ও অনুষ্ঠানের আয়োজন বিশেষ গুরুত্ব বহন করে।
এই ধারাবাহিক আয়োজনের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থানসহ রাষ্ট্র পরিচালনার অন্তত আটটি মৌলিক বিষয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরা হয়েছে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ওলামা দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এই আয়োজনগুলো থেকে স্পষ্ট হয়, বিএনপি শুধু রাজনৈতিক আন্দোলনের ভাষা নয়, বরং শাসন ও রাষ্ট্র পরিচালনার প্রস্তুতির ভাষা তৈরি করতে চাইছে।
এই কর্মসূচিগুলোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, তা বর্তমান উন্নয়ন বিতর্কে একটি ভিন্ন অবস্থান নির্দেশ করে। তিনি স্পষ্ট করে বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে কোনো মেগা প্রকল্পে যাবে না। তাঁর যুক্তি অনুযায়ী, মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি এবং রাষ্ট্রের বিপুল অর্থ এমন প্রকল্পে ব্যয় হয়, যার সরাসরি সুফল সাধারণ মানুষের জীবনে খুব কমই পৌঁছায়। বিএনপির দৃষ্টিতে রাষ্ট্রের অর্থ ব্যয় হওয়া উচিত মানুষের শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার ও জীবনমান উন্নয়নের পেছনে। এই কারণেই নতুন আইটি পার্ক নির্মাণের পরিবর্তে বিদ্যমান অবকাঠামো সংস্কার করে তথ্যপ্রযুক্তি খাতে কাজ করতে আগ্রহীদের জন্য সুযোগ তৈরির কথা বলা হয়েছে।
কৃষি খাতে বিএনপির পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কৃষক কার্ড। এই কার্ডের মাধ্যমে কৃষকদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য একটি সেবাব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে। কৃষক কার্ড থাকলে কৃষক সরাসরি ও দ্রুত ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশক পাবেন। পাশাপাশি সরকারি ভর্তুকি ও প্রণোদনা, স্বল্পমূল্যে কৃষিযন্ত্র, সাশ্রয়ী সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ এবং কৃষি বীমার আওতায় আসবেন। কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি কৃষি প্রশিক্ষণ, মোবাইল ফোনে আবহাওয়া ও বাজারদরের তথ্য এবং ফসলের রোগবালাই সংক্রান্ত চিকিৎসা পরামর্শ পাওয়ার ব্যবস্থাও এই কার্ডের অন্তর্ভুক্ত। শুধু শস্য উৎপাদনকারী কৃষকই নয়, মৎস্যচাষী ও প্রাণিসম্পদ খামারিরাও এই সুবিধার আওতায় আসবেন—যা কৃষিকে একটি সমন্বিত ও আধুনিক খাতে রূপান্তরের ইঙ্গিত দেয়।
কর্মসংস্থানের ক্ষেত্রে বিএনপি সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার কথা বলছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তাকে তারা বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রত্যেক জেলার ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় পণ্যের ভিত্তিতে কুটির শিল্প ও এসএমই খাত বিকাশে স্বল্পসুদে ঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে অ্যামাজন, আলিবাবাসহ বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য রপ্তানির সুযোগ তৈরির মাধ্যমে বেসরকারি শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির কথা বলা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নের জন্য ব্যাংকিং ব্যবস্থাকে স্বচ্ছ, দলীয়করণমুক্ত ও ব্যবসাবান্ধব করার বিষয়টি বিএনপি জোর দিয়ে উল্লেখ করছে।
সরকারি নিয়োগের ক্ষেত্রে মেধা ও যোগ্যতার ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিসিএসসহ সব সরকারি নিয়োগ প্রক্রিয়ায় দলীয় প্রভাব ও বৈষম্য দূর করে স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে। পাশাপাশি রাষ্ট্রের প্রয়োজন ও সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি চাকরির সংখ্যা বাড়ানোর কথাও উল্লেখ করা হয়েছে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমেও কর্মসংস্থান সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে, যেখানে শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, শিল্পায়ন, আইটি, অবকাঠামো, পরিবেশ ও জ্বালানিসহ সব খাতে পরিকল্পিত কর্মসূচি বাস্তবায়নের কথা বলা হয়েছে।
তথ্যপ্রযুক্তি খাতে নতুন শিল্প গড়ে তোলার লক্ষ্য নিয়ে সাইবার নিরাপত্তা, আউটসোর্সিং, ইন্টেলিজেন্স, সেমিকন্ডাক্টরসহ বিভিন্ন খাতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ড্যান্সিং, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি ও কনটেন্ট ক্রিয়েশনের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরির কথাও বলা হয়েছে। ফ্রিল্যান্সার ও প্রযুক্তিবিদদের জন্য পেপালসহ আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যাতে বৈশ্বিক অর্থ লেনদেন, অনলাইন কেনাকাটা এবং ব্যাংকিং কার্যক্রম আরও সহজ হয়।
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য লক্ষ্যভিত্তিক কর্মসংস্থান কর্মসূচিও বিএনপির পরিকল্পনার অংশ। গ্রামীণ শিক্ষাহীন মানুষ, গৃহিণী, প্রবীণ ও দীর্ঘমেয়াদি বেকারদের জন্য হস্তশিল্প, কুটির শিল্প, ক্ষুদ্র ব্যবসা এবং ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণের কথা বলা হয়েছে। তাদের জন্য সুলভ হারে মাইক্রো-ক্রেডিট ও প্রয়োজনীয় সরঞ্জাম সহায়তার পরিকল্পনাও রয়েছে। একই সঙ্গে রিকশাচালক, দিনমজুর, হকার ও ফুটপাত ব্যবসায়ীদের মতো অপ্রাতিষ্ঠানিক খাতে যুক্ত মানুষের জন্য সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
ফ্যামিলি কার্ড কর্মসূচি বিএনপির সামাজিক নিরাপত্তা ভাবনার একটি গুরুত্বপূর্ণ অংশ। পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে এই কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে মাসে নির্দিষ্ট অঙ্কের আর্থিক সহায়তা অথবা চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সরবরাহের কথা বলা হয়েছে। এই উদ্যোগ দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি এবং নারীর আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।
শিক্ষা খাতে বিএনপির পরিকল্পনা ভবিষ্যৎ প্রজন্মকে সামনে রেখে তৈরি। ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ ধারণার মাধ্যমে শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা বাড়ানোর কথা বলা হয়েছে। আনন্দময় শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্লাস সিক্স থেকে দলগত কাজ, ব্যক্তিগত দক্ষতা, নৈতিক ও সামাজিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। আত্মকর্মসংস্থান ও বৈশ্বিক শ্রমবাজারের জন্য প্রস্তুত করতে মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে। পরিচ্ছন্ন শিক্ষা পরিবেশ, স্বাস্থ্যসম্মত টয়লেট ও দুর্গম এলাকায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা শিক্ষাকে আরও মানবিক করার ইঙ্গিত দেয়।
স্বাস্থ্য খাতে বিএনপি দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক সেবা ব্যবস্থার কথা বলছে। প্রায় এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার বড় অংশ নারী। মহানগর ও জেলা পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা, এবং প্রাণঘাতী রোগের চিকিৎসায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের কথা বলা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় ওষুধ ও ভ্যাকসিন সহজলভ্য করার পরিকল্পনাও রয়েছে।
ধর্মীয় ব্যক্তিদের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নের বিষয়টিও বিএনপির পরিকল্পনায় অন্তর্ভুক্ত। খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের মাসিক সম্মানি, উৎসব ভাতা ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ দেওয়ার পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রেও সমান সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।
পরিবেশ ও নদী রক্ষার ক্ষেত্রে নদী-খাল পুনঃখনন, বড় বাঁধ প্রকল্প এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির কথা বলা হয়েছে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে জ্বালানি ও সার উৎপাদনের পরিকল্পনাও রয়েছে। ক্রীড়া খাতে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা, জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো উন্নয়ন এবং প্রতিভাবান ক্রীড়াবিদদের বৃত্তির মাধ্যমে উৎসাহ দেওয়ার কথা বলা হয়েছে।
তবে, রাজনৈতিক সংস্কারের প্রশ্নে বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিশ্বাসযোগ্যতা। বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন কমিশনের স্বায়ত্তশাসন, প্রশাসনের নিরপেক্ষতা এবং মানবাধিকার সুরক্ষার কথা বহু বছর ধরেই শোনা যাচ্ছে। কিন্তু মানুষ এখন আর শুধু আশ্বাসে বিশ্বাস করতে চায় না। তারা জানতে চায় এই পরিবর্তনগুলো বাস্তবে কীভাবে আসবে, কোন আইন সংশোধন হবে, কোন প্রতিষ্ঠান পুনর্গঠিত হবে এবং একজন সাধারণ নাগরিক কীভাবে তার অধিকার নিশ্চিত করতে পারবে।
পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা, হরতাল ও অস্থিরতা সাধারণ মানুষের জীবনে বড় ভোগান্তি তৈরি করেছে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা এবং স্বাভাবিক জীবনযাত্রা সবই এতে ক্ষতিগ্রস্ত হয়। মানুষ এখন শান্তিপূর্ণ ও দায়িত্বশীল রাজনীতি দেখতে চায়। বিএনপি যদি সত্যিই পরিবর্তনের কথা বলে, তবে তাদের রাজনৈতিক কর্মকৌশলেও সহনশীলতা ও স্থিতিশীলতার প্রতিফলন থাকতে হবে।
আজ বাংলাদেশের উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়। উন্নয়ন মানে মানুষের জীবনমান, আয়ের নিরাপত্তা, সামাজিক ন্যায়বিচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা। বিএনপির “দেশ গড়ার পরিকল্পনা” যদি বাস্তবসম্মত, সময়োপযোগী এবং জবাবদিহিমূলক নীতিতে রূপ নেয়, তবে এটি দেশের রাজনীতিতে একটি নতুন মানদণ্ড স্থাপন করতে পারে। আর যদি তা কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তবে মানুষের কাছে এটি আরেকটি প্রতিশ্রুতির তালিকা হিসেবেই থেকে যাবে।
বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় কিন্তু সেই পরিবর্তন হতে হবে স্থায়ী, কাঠামোগত এবং বাস্তব। যে রাজনৈতিক শক্তি এই পরিবর্তনের পথ দেখাতে পারবে এবং কথার সঙ্গে কাজের মিল ঘটাতে পারবে, ভবিষ্যতের রাজনীতি শেষ পর্যন্ত তাদের হাতেই যাবে।
আরএ