দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্তমানে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নানা চ্যালেঞ্জের মুখোমুখি। দাবি-দাওয়া, আন্দোলন-সংগ্রাম, সরকার ও জনগণের মধ্যে দ্বন্দ্ব—এসবের মাঝে একটি প্রশ্ন বারবার মাথাচাড়া দিয়ে উঠছে: সব দাবি কবে পূরণ হবে?
পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায়, দাবি-মঞ্চে ওঠার কারণগুলো মূলত জনস্বার্থের ক্ষতি, জীবনযাত্রার মানের অবনতি এবং বিদ্যমান রাজনৈতিক ও প্রশাসনিক ব্যর্থতার ফলাফল। কিন্তু এর পেছনে আরও গভীর কিছু বিষয় রয়েছে।
এখনকার সময়ে দাবি-দাওয়া যেন এক চিরন্তন প্রক্রিয়া। সরকারি চাকরিতে অসন্তোষ, শিক্ষাক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থী, শ্রমিকদের কর্মবিরতি, বিভিন্ন শ্রেণির গোষ্ঠীর আন্দোলন—এসবের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো, এই দাবিগুলোর বেশিরভাগই অস্থায়ী সমাধান বা অপ্রতুল পরিস্থিতির কারণে উঠছে। তবে কেন এই দাবিগুলোর সমাধান সময়মতো হচ্ছে না? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এর পেছনে রয়েছে সরকারের অক্ষমতা, রাজনৈতিক স্বার্থের সংঘাত এবং অনেক সময় আইন-শৃঙ্খলার অবনতি। অনেক দাবি দীর্ঘদিনের, কিন্তু তার বাস্তবায়ন হয় না বা হয় দেরিতে। এর ফলে জনগণের মধ্যে ক্ষোভ বাড়ে, আন্দোলন আরও তীব্র হয়।
সরকারের সক্ষমতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা এখনও অনেক দূর। আইনের শাসন প্রতিষ্ঠায় কঠোরতা প্রয়োজন হলেও দেখা যায়, রাজনৈতিক অস্থিরতা ও স্বজনপ্রীতি এই ক্ষেত্রের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। জনস্বার্থে কাজ করার পরিবর্তে ক্ষমতা ধরে রাখার জন্য অপ্রয়োজনীয় আপোস ও দুর্নীতি প্রশ্রয় পাচ্ছে। ফলে রাষ্ট্রের ক্ষমতা ও আইন প্রয়োগের সক্ষমতা দুর্বল হয়ে পড়ছে। এর ফলশ্রুতিতে সাধারণ জনগণের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষিত হচ্ছে না।
রাজনৈতিক দলগুলোর মধ্যে অপ্রয়োজনীয় লড়াই, ক্ষমতা লিপ্সা, চরিত্রহীন রাজনীতি—এসবের কারণে দেশের রাজনীতি এখন অস্থির। ক্ষমতা ধরে রাখতে গিয়ে দেশের স্বার্থের কথা ভাবা হচ্ছে না। ফলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সংস্কার বাধাগ্রস্ত। দেশের অস্থিতিশীলতা বৃদ্ধি পাচ্ছে, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। রাজনৈতিক অস্থিরতার ফলে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা ব্যাহত হয়। এমনকি, রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা বিদেশি বিনিয়োগে বিরূপ প্রভাব ফেলে, যা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব সৃষ্টি করে।
বর্তমানে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা টানা কর্মবিরতিতে বিভিন্ন নাগরিক ও পেশাজীবী সংগঠন আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি দেশের শিক্ষা ও সামাজিক পরিষেবার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। শিক্ষার মান খাদের কিনারে এসে দাঁড়িয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল, আর সাধারণ মানুষের জীবনযাত্রার মান নিম্নমুখী। তবে এই দাবি-দাওয়া দীর্ঘদিনের, সময়মতো সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল থেকে জটিলতর হবে।
অর্থনীতিতে এখন এক অন্ধকার কালো ছায়া পড়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতা, ডলার ঘাটতি, বিনিয়োগের অভাব—এসবের কারণে দেশের অর্থনীতি মারাত্মক সংকটের মধ্যে পড়েছে। বিনিয়োগের পরিবেশ অপর্যাপ্ত, ব্যবসার জন্য সুবিধাজনক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে না। বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার কারণে লেনদেনের ভারসাম্যহীনতা বৃদ্ধি পাচ্ছে। ফলে, দেশের অর্থনীতি দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি শুধুমাত্র অর্থনৈতিক চাকা আটকে দিচ্ছে না, দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নকেও ক্ষতিগ্রস্ত করছে।
সবচেয়ে বড় প্রশ্ন হলো, সব দাবি কবে পূরণ হবে? এ প্রশ্নের সহজ উত্তর নেই। কারণ, এটি নির্ভর করে সরকারের রাজনৈতিক সদিচ্ছা, দেশের সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অংশগ্রহণের উপর। যদি আমরা এখনও বিনা ভোটের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারি, তাহলে দৃশ্যমান পরিবর্তন খুবই ধীর ও ধীরগামী হবে।
সব দাবি পূরণ, সব আন্দোলনের সমাধান একদিন হবে—কিন্তু তার জন্য প্রয়োজন সাহসী নেতৃত্ব, জনমত এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা। সময়ের পরিবর্তন ও দেশের স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে। শুধু দাবি নয়, তার বাস্তবায়নের উপায় খুঁজে বের করতে হবে। কারণ, দেশের স্বার্থে একসঙ্গে এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য।
আমাদের দৃষ্টি রাখতে হবে, অঙ্গীকার ও পদক্ষেপের ওপর ভিত্তি করে উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, শান্তিপূর্ণ ও স্থিতিশীল সমাজ গড়ার জন্য প্রয়োজন সচেতনতা, দায়িত্বশীলতা ও অংশগ্রহণ। এই পথটি সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। কেবল ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সত্যনিষ্ঠ নেতৃত্বই পারে এই সংগ্রামকে সফল করতে।
লেখক: রনজক রিজভী; সিনিয়র সাংবাদিক।
আরএ