দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘৫ তারিখের পর লংমার্চে যাবে বিরোধীদল। লংমার্চে যে পরিবহন ব্যবহার করবে, সেখানে ১ লাখ লিটার তেল তারা ব্যবহার করবে। জ্বালানির যদি সমস্যাই হয়, তাহলে বিরোধীদল এই ১ লাখ লিটার তেল কোথায় পাবে? নিশ্চয়ই তেলের সমস্যা নাই এবং তেলগুলো তারা গাড়িতে উঠিয়েই লংমার্চে যাবে।’
শনিবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিরোধীদলের উদ্দেশে তিনি বলেন, সস্তা জনপ্রিয়তা নেয়ার জন্য জনগণকে বিভ্রান্ত করবেন না।
এর আগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গেল ২৫ আগস্ট জানিয়েছেন, ছয় দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। ওই দিন সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হয়ে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে।
তিনি বলেন, লংমার্চে অন্তত এক হাজার গাড়ি যুক্ত হবে। পথে আরও গাড়িবহরে যোগ দেবে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত নয়টি জেলা ও মহানগরীর জামায়াতের নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। পথে ছয়-সাতটি স্থানে শীর্ষ নেতাদের পথসভা করার পরিকল্পনা রয়েছে।
লংমার্চের ছয়টি প্রধান দাবি হলো-গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকটের নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানির জন্য সাময়িক যে অসুবিধা ছিল, এ ব্যাপারে আমরা সরকারের পক্ষ থেকে জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছি এবং আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। চলতি সংসদে প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানির বিষয়ে সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি কর্মসূচি দেশবাসীর সামনে উপস্থাপন করবেন। তখনই জাতির কাছে পরিষ্কার হয়ে যাবে যে, বর্তমান গণতান্ত্রিক সরকারের পরিকল্পনা কী,’।
কেএম