দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, নতুন নেতৃত্বে একটি কার্যকর টিম গঠনের মাধ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করা হবে। মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থাগুলোর সমন্বয়হীনতা দূর করাকে নিজের প্রথম কাজ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
রোববার (২৩ আগস্ট) সকাল ৯টায় বাংলাদেশ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে যোগ দেন মন্ত্রী। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তিনি কৃতজ্ঞ, তাঁকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য। রদবদল একটি স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, নতুন নেতৃত্বে টিম গঠনের মাধ্যমে মন্ত্রণালয়ের কাজ এগিয়ে নেওয়া হবে। কাজের সুবিধার্থে পাঁচ কর্মদিবসের মধ্যে একদিন সিভিল এভিয়েশন বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অফিস করার পরিকল্পনার কথাও জানান তিনি।
কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ভালো কাজের জন্য যেমন পুরস্কারের ব্যবস্থা রয়েছে, তেমনি খারাপ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থাও রয়েছে। মন্ত্রণালয়ের কাজ আরও গতিশীল করতে প্রচলিত আমলাতান্ত্রিক কাঠামোর বাইরে গিয়ে কাজ করতে হবে। উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ১৬ ডিসেম্বর সফট ওপেনিংয়ের পরিকল্পনা নিয়ে কাজ চলছে। আগামী সেপ্টেম্বরে জাপানি কোম্পানির সঙ্গে চুক্তি করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি আগামী বছর ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বিমানের বহরে শিগগিরই ১০টি লিজ নেওয়া বিমান যুক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
ঈশ্বরদী বিমানবন্দর প্রসঙ্গে তিনি বলেন, পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য তেজস্ক্রিয় সামগ্রী পরিবহনের সুবিধার্থে শিগগিরই ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। যশোর বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট কমে যাওয়ায় ইউএস-বাংলার সঙ্গে ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হয়েছে। বগুড়া বিমানবন্দর নির্মাণের জন্য সম্ভাব্যতা সমীক্ষা চলছে বলেও জানান তিনি।
এ ছাড়া আগামী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী। বক্তব্য শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
এমএস/