দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পে কমিশনের সুপারিশ বহাল রেখে দ্রুত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নেতারা। এ বিষয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতির হস্তক্ষেপও কামনা করেছেন তারা।
শনিবার (২২ আগস্ট) সকালে সাভারের একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।
সভায় সমিতির সভাপতি আবদুল মালেক বলেন, সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সচিব কমিটি নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন ১০০ শতাংশ বাড়িয়ে ১৬ হাজার ৫০০ টাকা করার সুপারিশ করেছে। এতে কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হচ্ছে। অতীতের বিভিন্ন পে-স্কেলে ১০ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন আরও বেশি হারে বাড়ানোর সুপারিশ বাস্তবায়িত হয়েছিল বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, দীর্ঘ ১১ বছর পর নবম পে-স্কেল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে দ্রব্যমূল্য ব্যাপক বেড়ে যাওয়ায় নিম্ন গ্রেডের কর্মচারীরা জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছেন। নতুন পে-স্কেলে বেতন বৃদ্ধির চেয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির হার অনেক বেশি বলেও তিনি দাবি করেন।
আবদুল মালেক আরও বলেন, ২০২০ ও ২০২৫ সালে দুটি পে-স্কেল পাওয়ার কথা থাকলেও তা হয়নি। জাতীয় বেতন কমিশন-২০২৫-এর মতবিনিময় সভায় কর্মচারীদের বর্তমান অবস্থা ও দ্রব্যমূল্যের বিষয়টি তুলে ধরে দুই পে-স্কেলের সমন্বয়ে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতনের দাবি জানানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত সর্বনিম্ন ২০ হাজার টাকা বেতনের সুপারিশ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সমিতির মহাসচিব আশিকুল ইসলাম বলেন, ১:৪ অনুপাতে সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার টাকা বেতনের প্রস্তাব থাকলেও তা বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। এতে বেতনবৈষম্য আরও বাড়বে বলে তিনি মন্তব্য করেন। সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা থেকে আরও বাড়িয়ে বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার দাবি জানান তিনি।
মতবিনিময় সভায় সচিব কমিটি ও মন্ত্রিসভার অনুমোদনের পর দ্রুত পে-স্কেলের প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়। একই সঙ্গে কর্মচারীবান্ধব সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রী ও নবনির্বাচিত রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন সংগঠনের নেতারা।
সভায় কল্যাণ সমিতির সাবেক মহাসচিব মাহমুদুল হক, কার্যকরী সভাপতি শাহাবুদ্দিন মুন্সী, সহসভাপতি মনিরুজ্জামান, মোহাম্মদ এবাদুল ইসলাম, আজিজুর রহমান, নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল কাদের খান ও যুগ্ম মহাসচিব রুহুল আমিনসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন।
এমএম/