দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ কিংবা ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, ব্রিকস সম্মেলন অনেক দেরি। এর মধ্যে এক মাসে অনেক কিছু হতে পারে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘ব্রিকস তো অনেক দেরি। এক মাসে বহু কিছু হয়ে যেতে পারে। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন এবং সামনে আবার পার্লামেন্ট সেশন বসবে। দেশের অভ্যন্তরীণ অনেক কর্মসূচি রয়েছে। সাংবিধানিক অনেক কাজও সামনে রয়েছে। সেই জায়গা থেকে সরকার ব্যস্ত রয়েছে। প্রধানমন্ত্রীও ব্যস্ত।’
তিনি বলেন, ‘তার মধ্যেই যদি সবকিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব দেশেই সফর হবে। সেটা দেখা যাক।’
প্রধানমন্ত্রীর বিদেশ সফরের বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থানের কথা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সব দেশ সফরের ক্ষেত্রেই সরকার ইতিবাচক আছে। কিন্তু এটা নির্ভর করবে প্রধানমন্ত্রীর সময়ের ওপর এবং দুই দেশের আলোচনার কতটুকু এগোচ্ছে, সেটার ওপর।’
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে শামা ওবায়েদ বলেন, দুই দেশের সরকারপ্রধান যখন বৈঠক করেন এবং দ্বিপক্ষীয় আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানের সুযোগ তৈরি হয়। সেই সুযোগ এখনো রয়েছে।
তিনি বলেন, ভারতেরও এই সুযোগের সদ্ব্যবহার করা উচিত। ‘আমরা আগেই বলেছি, একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলেন, সেটা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেবে না, নেয় না।’
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘জুলাই এখনো মানুষের মনে জাগ্রত আছে। রক্তের দাগ এখনো শুকায়নি। সুতরাং সেই জায়গা থেকে অবশ্যই আমাদের সংবেদনশীল হতে হবে।’
তবে দুই দেশের প্রধানমন্ত্রী যখন বৈঠকে বসবেন, তখন অনেক সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেন শামা ওবায়েদ। তিনি বলেন, ‘সেটাই আমরা আশা করি এবং ভারতও সেটা মনে রাখবে—এটাই আমরা আশা করি।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরসহ এখনো কোনো বিদেশ সফর চূড়ান্ত হয়নি। বিভিন্ন কাজে প্রধানমন্ত্রী ব্যস্ত রয়েছেন। দুই দেশের সঙ্গে আলোচনা করে সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এমএম/