দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচালিত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে অ্যাডভেঞ্চার পর্যটনে কঠোর নিরাপত্তা কাঠামো প্রণয়নের দাবিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিশাত ফারজানা এ নোটিশ পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়, গত ১ আগস্ট কক্সবাজারের হিমছড়ি এলাকার দরিয়ানগর সৈকতে প্যারাসেলিং করার সময় ছিটকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়। এ ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে এতে বলা হয়, এটি পর্যটকদের নিরাপত্তায় বড় ধরনের ঝুঁকির ইঙ্গিত দেয় এবং এ দায় প্রশাসন এড়াতে পারে না।
নোটিশে অভিযোগ করা হয়, কক্সবাজার সমুদ্রসৈকতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা, প্রশিক্ষিত অপারেটর ও মানসম্মত যন্ত্রপাতি ছাড়াই প্যারাসেলিং পরিচালিত হচ্ছে। অতীতে একাধিক দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের কার্যকর নজরদারি ও নিয়ন্ত্রণের ঘাটতি রয়েছে বলে এতে দাবি করা হয়েছে।
এতে আরও বলা হয়, সাম্প্রতিক দুর্ঘটনার পর প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্যারাসেলিং পরিচালনার প্রয়োজনীয় অনুমোদন ছিল না। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনের কথা বলা হলেও অননুমোদিত কার্যক্রম চলতে থাকা প্রশাসনিক তদারকির ঘাটতির ইঙ্গিত দেয় বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
লিগ্যাল নোটিশে আট দফা দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে, কক্সবাজারে পরিচালিত সব ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং কার্যক্রম বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের লাইসেন্স ও নিরাপত্তা মান যাচাই, সাম্প্রতিক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্বাধীন তদন্ত কমিটি গঠন, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ট্যুরিস্ট পুলিশ ও ট্যুরিস্ট ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনে আরও সতর্কতা নিশ্চিত করা, নিহত পর্যটকের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং দরিয়ানগরে প্যারাসেলিং পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ জনসমক্ষে প্রকাশ করা।
এ ছাড়া ভবিষ্যতে প্যারাসেলিংসহ সব ধরনের অ্যাডভেঞ্চার পর্যটন কার্যক্রম পরিচালনার জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা নির্দেশিকা এবং কার্যকর নিয়ন্ত্রক কাঠামো প্রণয়ন ও কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এমএম/