দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। সম্ভাব্য বিনিয়োগের বিভিন্ন খাত পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের জন্য শিগগিরই একটি মার্কিন বিনিয়োগকারী প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।
শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। শিগগিরই যুক্তরাষ্ট্রের একদল বিনিয়োগকারী বাংলাদেশ সফরে আসবেন। সফরকালে তারা সম্ভাবনাময় বিভিন্ন খাত পরিদর্শন করবেন এবং কোথায় বিনিয়োগের সুযোগ রয়েছে, তা যাচাই করবেন।
বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সার্জিও গর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি লেখেন, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে উভয় দেশের সামনে থাকা বিস্তৃত সুযোগ-সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। যৌথ প্রচেষ্টার মাধ্যমে বাস্তব ও ইতিবাচক ফল অর্জন সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় আসেন সার্জিও গর। সফরের প্রথম দিন তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার আলোচনা অত্যন্ত ইতিবাচক হয়েছে এবং এতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
একই দিন এক্সে দেওয়া আরেক পোস্টে তিনি জানান, বাংলাদেশের সার্বিক পরিস্থিতির উন্নতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের জন্য জারি করা ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) লেভেল-৩ থেকে কমিয়ে লেভেল-২ করেছে। তবে কিছু নির্দিষ্ট এলাকায় অতিরিক্ত সতর্কতা বহাল রয়েছে এবং সেসব এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
সফরের দ্বিতীয় দিনে শুক্রবার সার্জিও গর কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। সেখানে তিনি ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।
তিন দিনের সফর শেষে শনিবার দুপুরে তার দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
এমএস/