দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শিশু-কিশোরদের দেশের ভবিষ্যৎ হিসেবে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেকে কখনো ছোট ভাববে না। যারা নিজেদের গড়ে তুলতে পারবে, তারাই বাংলাদেশকে গড়ে তুলবে। একই সঙ্গে দেশের শিক্ষার্থীদের চারপাশ পরিচ্ছন্ন ও আবর্জনামুক্ত রাখারও আহ্বান জানান তিনি।
সোমবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর প্রথম ধাপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, স্বাধীনতার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রত্যন্ত অঞ্চলের শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি চালু করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার নতুন প্রজন্মকে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার উপযোগী করে গড়ে তুলতে কাজ করছে।
প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা শুধু বিনোদনের বিষয় নয়, এটিকে পেশা হিসেবেও প্রতিষ্ঠা করা হবে। সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে, যাতে খেলাধুলার মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফুটবল ও ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। গ্যালারিতে না থেকে মাঠে নেমে ক্ষুদে ক্রীড়াবিদদের খেলা দেখেন এবং তাদের উৎসাহ দেন।
নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম ধাপে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট—মোট আটটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতায় অংশ নিতে সারা দেশ থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার শিশু-কিশোর আবেদন করে। বাছাই শেষে বিভিন্ন ধাপ পেরিয়ে ১ হাজার ৪৪০ জন চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পায়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। পাশাপাশি দেশের শিশু-কিশোরদের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান।
এমএস/