দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও নির্বাচন কমিশনাররা।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, মঙ্গলবার সকাল ১১টায় ভারপ্রাপ্ত স্পিকারের দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। প্রচলিত নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ করা হয়।
এর আগে গত রোববার রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত প্রস্তুতি নিয়ে সিইসির কার্যালয়ে নির্বাচন কমিশনার ও কমিশনের জ্যেষ্ঠ সচিব বৈঠক করেন। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন-সংক্রান্ত আইন ও পরবর্তী কার্যক্রম পর্যালোচনা করা হয়। পরে স্পিকারের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়।
ইসি সূত্র জানিয়েছে, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত, তফসিল ঘোষণা এবং নির্বাচন আয়োজনের প্রশাসনিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এ জন্য সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। সেই তালিকার ভিত্তিতে ভোটার তালিকা চূড়ান্ত করে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি।
উল্লেখ্য, গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। আর ডেপুটি স্পিকার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।
এমএম/