দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ক্ষমতায় এলে আওয়ামী লীগ দেশের সবকিছু নিজেদের নামে করে নেয় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি দাবি করেন, আওয়ামী লীগই দেশের ইতিহাস সবচেয়ে বেশি বিকৃত করেছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে বগুড়া শহরের একটি হোটেলে ‘উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন প্রেক্ষিত, সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ইতিহাসকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, বাস্তব ঘটনা ও তথ্যের ভিত্তিতে মূল্যায়ন করা উচিত। নতুন তথ্য সামনে এলে ইতিহাসের মূল্যায়নও পরিবর্তিত হতে পারে। ইতিহাস চর্চা ও সঠিক মূল্যায়নের দায়িত্ব ঐতিহাসিকদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপি কখনো ভোট ছাড়া ক্ষমতায় আসেনি। তাঁর দাবি, দেশে যখনই নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তখনই বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করেছে।
তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, গত ছয় মাসে তিনি প্রশাসনে শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়েছেন। সরকারি কর্মকর্তা ও মন্ত্রীদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। তাঁর নেতৃত্বে মন্ত্রণালয়গুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, তাঁর মতোই তারেক রহমান দেশের উন্নয়ন ও পরিবর্তনে কাজ করছেন এবং তাঁর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিদ্যুৎ খাতের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সরকার কাজ করছে। যেসব ব্যক্তি নিজেদের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করবেন, তারা সিটি করপোরেশনের করেও ছাড় পাবেন।
তিনি আরও জানান, উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল করতে বড়পুকুরিয়ায় ১ হাজার ২০০ মেগাওয়াট সক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম উপস্থিত ছিলেন। এছাড়া ১০ জন সংসদ সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
এমএম/