দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরে জরুরি উন্নয়নকাজের কারণে শনিবার (২৫ জুলাই) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন এবং লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে এ কাজ করা হবে।
শুক্রবার (২৪ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নরসিংহপুর রোডের সুরাবাড়ী উপকেন্দ্র থেকে দত্ত মার্কেট, ছায়াতল মার্কেট, সুরাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ, রাইচমিল হয়ে মিছারবাগ বটতলা পর্যন্ত ১১ কেভি ফিডারটির দৈর্ঘ্য ও বিদ্যুতের লোড বেশি হওয়ায় সেটিকে ভাগ করে দুটি নতুন ফিডার নির্মাণ করা হবে। এ কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎবিহীন এলাকার মধ্যে রয়েছে কাশিমপুর, সুরাবাড়ী, বাগবাড়ী, শরপাইতলী, ছায়াতল মার্কেট, দত্ত মার্কেট, রাইচমিল ও মিছারবাগ বটতলা সংলগ্ন এলাকা, মাদ্রাসা বাজার, শাকিল সিনথিয়া রোড, মনটেক্স সংলগ্ন এলাকা, লালদিঘি, কবরস্থান এলাকা, বারেন্ডার আংশিক অংশ, রফিকুল ইসলাম স্কুল ও খানকা শরিফ সংলগ্ন এলাকা, রওশন মার্কেট, হাকের নাল এবং নয়াপাড়ার আংশিক এলাকা।
কাশিমপুর জোনাল অফিস জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই উন্নয়নকাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।
সাময়িক এ ভোগান্তির জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
জে আই